সংবিধানে ফিরছে তত্ত্বাবধায়ক সরকার, বাধ্যতামূলক গণভোট

আপডেটঃ ০৬ অক্টোবর, ২০২৬ | ১০:০৯ ০ শেয়ার
সংবিধানে ফিরছে তত্ত্বাবধায়ক সরকার, বাধ্যতামূলক গণভোট

সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং সাংবিধানিক কিছু সংশোধনের ক্ষেত্রে বাধ্যতামূলক গণভোটের বিধান ফিরিয়ে আনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদে যেভাবে ঐকমত্য হয়েছে, নোট অব ডিসেন্টসহ সেভাবেই তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ভিত্তিতেই সংবিধান সংশোধনের একটি বিল সংসদে উপস্থাপন করা হবে।

বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য এবং আহতদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিসহ মোট ৬৩ জন অংশ নেন। সেখানে জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি এবং জুলাই যোদ্ধাদের আইনি ও সাংবিধানিক সুরক্ষার দাবি জানানো হয়।

জুলাই যোদ্ধাদের সুরক্ষার বিষয়ে মন্ত্রী বলেন, তাদের সুরক্ষায় করা অধ্যাদেশ ইতোমধ্যে আইনে পরিণত হয়েছে। এর পাশাপাশি সংবিধানের তফসিলে নির্দিষ্ট জায়গায় জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি এবং জুলাই যোদ্ধাদের সাংবিধানিক সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত করার দাবির কথাও বৈঠকে উঠে আসে। এ বিষয়ে তদন্ত, প্রসিকিউশনসহ বিচার-সহায়ক কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ১৯৯৬ বা ২০০৬ সালের কাঠামো হুবহু অনুসরণ করা হচ্ছে না। তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হবে, এর প্রধান কে হবেন এবং কোন প্রক্রিয়ায় সরকার গঠিত হবে—এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আইনজীবী, বিচারক, সাবেক বিচারপতি, সংবিধান বিশেষজ্ঞ ও শিক্ষাবিদদের মতামত নেওয়া হচ্ছে।

গণভোটের বিধান নিয়েও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, সংবিধানের প্রস্তাবনা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং কিছু মৌলিক সাংবিধানিক বিষয়ে পরিবর্তন আনা হলে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে জনগণের অনুমোদনের জন্য গণভোটের আয়োজন করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ভবিষ্যতে পরিবর্তন করতে চাইলেও গণভোটের মাধ্যমে জনগণের অনুমোদন নেওয়ার বিধান রাখা হবে।

তিনি আরও বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের ১৪২ অনুচ্ছেদ থেকে গণভোটের বিধান বাদ দেওয়া হয়েছিল। এ সিদ্ধান্তকে আদালত অসাংবিধানিক ঘোষণা করায় সংশোধিত সংবিধানে গণভোটের বিধান পুনরায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সবশেষে সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো যেভাবে স্বাক্ষর করেছে, সরকার সেভাবেই তা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। জাতীয় স্বার্থ ও নির্বাচনী ইশতেহারের বিষয়গুলো বিবেচনায় নিয়ে একটি সর্বজনগ্রাহ্য সংবিধান সংশোধনী বিল সংসদে উপস্থাপনের কথা জানান তিনি।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর