রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কমতে শুরু করেছে তাপমাত্রা। বাড়ছে শীতের অনুভূতি। বিশেষ করে রাত ও ভোরে শীতের আমেজ বেশি স্পষ্ট হচ্ছে। উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায়ও শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। আবহাওয়াবিদদের ধারণা, ডিসেম্বরের শুরুতে শীত আরও জেঁকে বসতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী রোববার পর্যন্ত সারা দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, সাধারণত ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রাকে শীত হিসেবে বিবেচনা করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে শীতের মৌসুম শুরু হচ্ছে নভেম্বর থেকে। এল নিনো সক্রিয় থাকায় এবার তীব্র শীতের সম্ভাবনা কম। শৈত্যপ্রবাহ দেখা দিলেও তা অল্প কয়েক দিনের জন্য স্থায়ী হতে পারে। সামগ্রিকভাবে চলতি মৌসুমে তুলনামূলক কম শীত পড়ার পূর্বাভাস রয়েছে।শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সন্দ্বীপে ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে তিন দিনের ব্যবধানে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি থেকে কমে দাঁড়িয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।
আবহাওয়া অধিদপ্তরের তিন মাসের পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে দেশে আট থেকে ১০টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি মাঝারি এবং একটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। তবে এ তিন মাসে দিন ও রাতের গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ বজলুর রশিদ বলেন, বাংলাদেশে শীতের তীব্রতা নির্ভর করে মূলত সাইবেরিয়ান উচ্চচাপ বলয় ও উত্তর-পশ্চিমা বায়ুপ্রবাহের ওপর। শীতকালে সাইবেরিয়া ও হিমালয় অঞ্চলে বায়ুচাপ বেড়ে যাওয়ায় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে শীতল, শুষ্ক বাতাস বাংলাদেশে প্রবেশ করে। এই বায়ুপ্রবাহ যত শক্তিশালী ও বাধাহীন হয়, শীতের তীব্রতা এবং শৈত্যপ্রবাহের প্রবণতাও তত বাড়ে।এদিকে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের প্রকোপ বাড়ছে। টানা চার দিন ধরে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। ভোরের কুয়াশা ও রাতভর হিমেল বাতাসে জনজীবনে শীতের অনুভূতি বাড়ছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্যমতে, মঙ্গলবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তা কমে ১৩ দশমিক ৫ ডিগ্রিতে দাঁড়ায়। বৃহস্পতিবার রেকর্ড করা হয় ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি।দিনের বেলায় রোদের কারণে শীত কিছুটা কম অনুভূত হলেও বিকেল থেকে হিমেল বাতাসের দাপট বাড়তে থাকে। রাত গভীর হলে ঠান্ডার তীব্রতা আরও বাড়ে। ভোরে কনকনে বাতাস উপেক্ষা করেই কাজে বের হচ্ছেন কৃষক ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, এ অঞ্চলে তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আগামী ডিসেম্বর মাসে পঞ্চগড় ও আশপাশের এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন