গোপালগঞ্জ ও গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিন সদস্যকে দেখতে হাসপাতালে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৮ নভেম্বর) ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে গিয়ে তিনি আহত সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় চিকিৎসকদের সঙ্গে তাদের চিকিৎসার অগ্রগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েও কথা বলেন তিনি।হাসপাতালে এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।আহতদের মধ্যে রয়েছেন খুলনা সেক্টর সদর দপ্তরে কর্মরত নায়েক মো. মনির হোসেন (৪০)।গত ১৭ নভেম্বর গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের সময় দুর্বৃত্তদের হামলায় মাথায় আঘাত পান তিনি।
প্রথমে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ২১ নভেম্বর পিলখানার বিজিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।এ ছাড়া গত ১৬ নভেম্বর গাজীপুর শিল্পাঞ্চলে দায়িত্ব পালনের সময় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে আহত হন গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান (৪৭) ও সিপাহি (সিগন্যাল) রঞ্জু মিয়া (২৫)।ইটের আঘাতে খালেকুজ্জামানের ডান হাতের তিনটি আঙুলের হাড় ভেঙে যায়। শরীরের বিভিন্ন স্থানেও আঘাত পান তিনি। অন্যদিকে রঞ্জু মিয়ার ডান হাতের হাড় ভেঙে যাওয়ার পাশাপাশি ডান হাত ও বাঁ পায়ের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়।বর্তমানে আহত তিন বিজিবি সদস্যই পিলখানার বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন