নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ বাড়াতে পাকিস্তান থেকে পণ্য আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বাংলাদেশের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং পাকিস্তানের রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে যাচ্ছে।বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৯ নভেম্বর সকাল সাড়ে ১০টায় ঢাকায় মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই সমঝোতা স্মারক সই হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের।সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এবং পাকিস্তানের পক্ষে দেশটির বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দারের সই করার কথা রয়েছে।
টিসিবির চেয়ারম্যান মোহাম্মদ ফয়সল আজাদ জানান, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন এবং আমদানি-রপ্তানি বাড়ানোর লক্ষ্যেই এই সমঝোতা করা হচ্ছে। এর আওতায় কৃষিপণ্য ও কৃষি যন্ত্রপাতি আমদানি-রপ্তানির সুযোগ তৈরি হবে। তবে সব লেনদেন প্রতিযোগিতামূলক দামে সম্পন্ন করার বিষয়টি গুরুত্ব পাবে।
তিনি জানান, পাকিস্তান বাংলাদেশে তেল, চিনি, ডাল, ছোলা, পেঁয়াজ ও সার রপ্তানিতে আগ্রহ দেখিয়েছে। অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে সূর্যমুখী তেল, রাইস ব্র্যান অয়েল, আম, আনারস, কাঁঠাল, আলু ও চা রপ্তানির পরিকল্পনা রয়েছে।প্রাথমিকভাবে পাকিস্তান থেকে মসুর ডাল, ছোলা ও খেজুর আমদানির বিষয়টি বিবেচনা করছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে এসব পণ্যের পরিমাণ, ক্রয়মূল্য এবং সরবরাহের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।
মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এই সমঝোতার ফলে দুই দেশের রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি যোগাযোগ ও সহযোগিতার সুযোগ বাড়বে।
এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৮ হাজার কোটি টাকার নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহের পরিকল্পনা রয়েছে টিসিবির। এর মধ্যে ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার টন চিনি, ১৪ হাজার টন ছোলা এবং ৪ হাজার ৪০০ টন খেজুর সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, এসব পণ্যের অর্ধেক স্থানীয় বাজার থেকে এবং বাকি অর্ধেক আন্তর্জাতিক বাজার থেকে কেনা হবে। তবে আন্তর্জাতিক বাজারে দাম ও সরবরাহ পরিস্থিতি অনুকূলে থাকলে বিদেশ থেকে পণ্য কেনার পরিমাণ বাড়ানো হতে পারে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন