ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, শেখ হাসিনা এ দেশের নাগরিক। আইন অনুযায়ী বিচারের মাধ্যমে তাঁর প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে।মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সিলেটের ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, তিনি কেন ১৬ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন? আরও আগেই দেশে ফিরতে তাঁর সমস্যা কোথায়? তিনি তো এই দেশেরই নাগরিক। দেশ ছেড়ে কেন চলে গিয়েছিলেন, সেই প্রশ্নও করা প্রয়োজন বলে মন্তব্য করেন মন্ত্রী।
তিনি আরও বলেন, শেখ হাসিনা দ্রুত দেশে ফিরে আসুন—এটাই তাঁরা চান। দেশে ফিরলে আইনগতভাবে তাঁর যে প্রাপ্য রয়েছে, বিচারপ্রক্রিয়ার মাধ্যমে তা বুঝিয়ে দেওয়া হবে।
এদিকে সরকারি মালিকানাধীন শিল্পকারখানা পুনরুজ্জীবনের পরিকল্পনার কথাও জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, সরকারি মালিকানাধীন অধিকাংশ শিল্পকারখানার কার্যকর আয়ু অনেক আগেই শেষ হয়েছে। এসব কারখানার তালিকা তৈরি করে সেগুলো পুনরুজ্জীবনের জন্য কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী বছরের শুরু থেকেই এ বিষয়ে দরপত্র আহ্বানের কার্যক্রম শুরু হবে।
মন্ত্রী জানান, সরকারি মালিকানাধীন প্রায় ৫০টি শিল্পকারখানায় বেসরকারি খাতের বিনিয়োগ আহ্বান করা হবে। নতুন বিনিয়োগের মাধ্যমে কারখানাগুলো পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।নতুন শিল্পকারখানা স্থাপনের ক্ষেত্রে জ্বালানি সরবরাহ নিশ্চিত করাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি শিল্প খাতে বিনিয়োগের জন্য ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়ার কথাও জানান। এ ধরনের বিনিয়োগে আগ্রহী উদ্যোক্তা রয়েছেন বলেও জানান মন্ত্রী।
কৃষি খাতের সম্ভাবনা তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের কৃষি উৎপাদন সক্ষমতার পুরোপুরি ব্যবহার এখনো সম্ভব হয়নি। ধানসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর সুযোগ রয়েছে। বিদ্যমান সক্ষমতা কাজে লাগাতে পারলে বাংলাদেশ ভবিষ্যতে চাল রপ্তানিকারক দেশেও পরিণত হতে পারে।
পেঁয়াজ উৎপাদনের উদাহরণ দিয়ে তিনি বলেন, একসময় এ পণ্যের জন্য আমদানির ওপর নির্ভর করতে হতো। তবে বর্তমানে দেশে চাহিদার তুলনায় বেশি পেঁয়াজ উৎপাদিত হচ্ছে। কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বড় সম্ভাবনা রয়েছে। এসব খাতে তরুণদের সম্পৃক্ত করা গেলে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন