যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ বাড়তে যাচ্ছে। আগামী ৩ জানুয়ারি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড তদন্তের সুযোগ পাবেন ডেমোক্র্যাটরা। এ পরিস্থিতি মোকাবিলায় আগাম পদক্ষেপ নিচ্ছে হোয়াইট হাউস।
কংগ্রেসের তদন্তের ক্ষমতা সীমিত করার লক্ষ্যে ইতিমধ্যে নির্বাহী আদেশ জারি করেছেন ট্রাম্প। শুক্রবারের ওই আদেশে ফেডারেল সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে কংগ্রেসের তথ্য ও যোগাযোগসংক্রান্ত অনুরোধের বিষয়ে হোয়াইট হাউসের সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে। নির্দেশ অমান্য করলে সরকারি চুক্তি বাতিল কিংবা ঠিকাদার হিসেবে নিষিদ্ধ হওয়ার ঝুঁকিও রয়েছে।
তবে আদেশটির আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্র্যাটরা। হাউস জুডিশিয়ারি কমিটির সম্ভাব্য প্রধান জেমি রাসকিনের দাবি, কংগ্রেসের তদন্তে সহযোগিতা করা মার্কিন নাগরিক ও প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব। সংবিধান কংগ্রেসকে তদন্তের ক্ষমতা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ডেমোক্র্যাটরা হোয়াইট হাউসের নতুন বলরুম নির্মাণ ও অর্থায়ন, বড় করপোরেশনের সঙ্গে প্রশাসনের সম্পর্ক, ট্রাম্প পরিবারের ব্যবসায়িক কর্মকাণ্ড এবং ইরান যুদ্ধের সূচনা ও পরিচালনা নিয়ে তদন্তের প্রস্তুতি নিচ্ছেন।
এ ছাড়া হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের চুক্তি, ইউক্রেনে ব্যবহৃত স্টারলিংকের স্টারশিল্ড সেবা সীমিত করার সিদ্ধান্ত এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল মামলা থেকে আইনজীবী প্রতিষ্ঠানগুলোর সরে দাঁড়ানোর বিষয়ও তদন্তের আওতায় আসতে পারে। এসব বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নথিপত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন ডেমোক্র্যাট নেতা রবার্ট গার্সিয়া।অন্যদিকে হোয়াইট হাউসও কঠোর অবস্থান নিয়েছে। প্রেসিডেন্টের দপ্তরের কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে পারে—এমন তথ্য গোপন রাখার বিশেষাধিকারের কথা তুলে ধরছে প্রশাসন। তবে সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ে বলা হয়েছে, নির্বাহী বিশেষাধিকার নিরঙ্কুশ নয়।
এ পরিস্থিতিতে ফেডারেল সরকারের সঙ্গে বড় চুক্তি থাকা প্রতিষ্ঠানগুলোও দুই পক্ষের চাপে পড়তে পারে। হোয়াইট হাউসের বলরুম প্রকল্পে অর্থ সহায়তা দেওয়া মাইক্রোসফটের কর্মকর্তা ব্র্যাড স্মিথ জানিয়েছেন, রাজনৈতিক দলনির্বিশেষে প্রতিটি প্রশাসনের সঙ্গে একই নীতি অনুসরণ করে তাদের প্রতিষ্ঠান।
সব মিলিয়ে ডেমোক্র্যাটদের তদন্তের প্রস্তুতি এবং ট্রাম্প প্রশাসনের নির্বাহী পদক্ষেপের কারণে আগামী দুই বছর কংগ্রেস ও হোয়াইট হাউসের মধ্যে রাজনৈতিক ও আইনি বিরোধ বাড়তে পারে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন