জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন দেখছেন এমন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এসেছে সুখবর। শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছে জার্মানি। এখন থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহীরা ঘরে বসেই অনলাইনে জাতীয় স্টুডেন্ট ভিসার আবেদন করতে পারবেন।রোববার (১৫ নভেম্বর) ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে নতুন এই ভিসা ব্যবস্থার তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, জার্মানির ফেডারেল পররাষ্ট্র দপ্তরের ‘ডিজিটাল কনসুলার সার্ভিসেস পোর্টাল’ বা ‘আউসল্যান্ডসপোর্টাল’-এর মাধ্যমে শিক্ষার্থীরা এখন থেকে অনলাইনে ভিসার আবেদন জমা দিতে পারবেন।
নতুন এই ডিজিটাল ব্যবস্থায় আবেদনকারীদের জন্য বেশ কিছু সুবিধা যুক্ত করা হয়েছে। আগে ভিসার আবেদন করতে বিভিন্ন ধাপে কাগজপত্র জমা দেওয়া এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে দূতাবাসে যেতে হতো। তবে নতুন নিয়মে দূতাবাসে যাওয়ার আগেই অনলাইনে আবেদন ফরম পূরণ এবং প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেওয়া যাবে।এ ছাড়া ভিসা প্রক্রিয়ায় সহায়তাকারী প্রতিষ্ঠান ভিএফএস (VFS) আবেদনকারীদের জমা দেওয়া নথিপত্র আগেই প্রাথমিকভাবে যাচাই করবে। ফলে দূতাবাসে সরাসরি উপস্থিত হওয়ার পর আবেদনসংক্রান্ত কাজ সম্পন্ন করতে তুলনামূলক কম সময় লাগবে। দূতাবাসে গিয়ে মূলত বায়োমেট্রিক তথ্য প্রদান এবং কাগজপত্রের চূড়ান্ত যাচাই সম্পন্ন করতে হবে।
আবেদনকারীদের সুবিধার্থে অনলাইন পোর্টালে যুক্ত করা হয়েছে আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণের ব্যবস্থা। এর মাধ্যমে নিজস্ব ড্যাশবোর্ডে প্রবেশ করে ভিসা আবেদনের সর্বশেষ অবস্থা জানা যাবে। পাশাপাশি পরিবারের একাধিক সদস্য চাইলে একই সময়ে যৌথভাবেও আবেদন করতে পারবেন।তবে নতুন ডিজিটাল ব্যবস্থার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ একটি সতর্কবার্তা। পুরোনো পদ্ধতি থেকে নতুন ব্যবস্থায় যাওয়ার কারণে আগের সব ভিসা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকা বাতিল করা হয়েছে। অর্থাৎ, যারা আগে নিবন্ধন করে অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় ছিলেন, তাদের পুরোনো নিবন্ধন আর কার্যকর থাকবে না। এসব নিবন্ধন নতুন পোর্টালে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরও করা হবে না।
তাই আগে থেকে অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদেরও নতুন করে ডিজিটাল পোর্টালে অ্যাকাউন্ট খুলে আবেদন করতে হবে। পুরোনো নিবন্ধনের ওপর নির্ভর না করে নতুন নিয়ম অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।জার্মানিতে উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন এমন শিক্ষার্থীরা প্রয়োজনীয় নির্দেশনা, আবেদনপ্রক্রিয়া, কাগজপত্রের তালিকাও অন্যান্য বিস্তারিত তথ্য জানতে পারবেন জার্মান সরকারের অফিশিয়াল পোর্টালে।
আবেদনের ওয়েবসাইট: https://digital.diplo.de

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন