গাজীপুরের কোনাবাড়ীতে শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণে দায়িত্ব পালনকালে এপিবিএনের এক কনস্টেবলকে প্রকাশ্যে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবু নাসের আল আমিনের বিরুদ্ধে। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করার অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে কোনাবাড়ী ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে কোনাবাড়ী ফ্লাইওভারের নিচে শ্রমিক আন্দোলনের পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছিলেন এপিবিএন-২-এর সদস্য কনস্টেবল আশিকুর রহমান। এ সময় তাকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। দায়িত্ব পালনে তার কিছুটা অমনোযোগিতা রয়েছে বলে অভিযোগ ওঠে। এর একপর্যায়ে সবার সামনে তাকে কানে সজোরে থাপ্পড় মারা হয় বলে ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ সদস্য দাবি করেন।সূত্রের দাবি, ঘটনার পর কনস্টেবল আশিকুর রহমানের কানে সমস্যা দেখা দেয়। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।এ বিষয়ে জানতে কনস্টেবল আশিকুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে, অভিযুক্ত এএসপি মো. আবু নাসের আল আমিনের সরকারি মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনাটি তাৎক্ষণিকভাবে ক্ষুদেবার্তার (ইনস্ট্যান্ট রিপোর্ট) মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। ওই প্রতিবেদনে ঘটনার বিবরণ, কনস্টেবল আশিকুর রহমানের কর্মস্থল-সংক্রান্ত তথ্য এবং অভিযুক্ত এএসপির পরিচয় উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।ঘটনার বিষয়ে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু এশিয়া পোস্টকে বলেন, ‘এমন একটা ঘটনা মৌখিকভাবে আলোচনা শুনেছি। পুলিশ একটা শৃঙ্খলা বাহিনী। সেই বাহিনীর সদস্যদের মধ্যে এমন ঘটনা কাম্য নয়।’এদিকে, নাম প্রকাশ না করার শর্তে দায়িত্ব পালনরত এক পুলিশ কনস্টেবল বলেন, ‘ঘটনাটি জানাজানি হওয়ার পর সেখানে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের একটি অংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়। তাদের মধ্যে প্রশ্ন উঠেছে, দায়িত্ব পালনে কোনো সদস্যের ভুল বা নির্দেশনা অমান্য করার অভিযোগ থাকলে তা বিধিবদ্ধ প্রক্রিয়ায় নিষ্পত্তি না করে শারীরিকভাবে শাস্তি দেওয়া কতটা গ্রহণযোগ্য।’এ ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন