রাজধানীর উত্তরখানে তুরাগ নদের রাজবাড়ী ঘাট থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। জিজ্ঞাসাবাদে তাঁর বন্ধুস্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপ দাবি করেছেন, পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়েছিলেন তাহসিফ।
পুলিশের একটি জানায়, দীপকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাঁকে নিয়ে ঘটনাসংশ্লিষ্ট কয়েকটি স্থানে যাওয়া হয়েছে। দীপের দাবি, ঘটনার সময় তাঁরা দুজন সেখানে কথা বলছিলেন। একপর্যায়ে পুলিশের কয়েকজন সদস্য তাহসিফকে ধাওয়া করলে তিনি নদীতে ঝাঁপ দেন। আর দীপ সেখান থেকে পালিয়ে আসেন।
তবে দীপের এই বক্তব্য এখনো যাচাই করছে পুলিশ। ঘটনার প্রকৃত চিত্র জানতে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
এদিকে মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় ৫০ গজ দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকায় তাহসিফের ব্যবহৃত বলে ধারণা করা একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পিবিআই। তবে মোটরসাইকেলটি তাঁর কি না, তা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
পিবিআই কর্মকর্তাদের ধারণা, রাজবাড়ী ঘাট এলাকাটি মাদক কারবারিদের আনাগোনার স্থান হিসেবে পরিচিত। সেখানে ধাওয়া খেয়ে তাহসিফ নদীতে পড়ে ডুবে যেতে পারেন। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি তদন্তকারীরা।
উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় উত্তরার বাসা থেকে বের হন তাহসিফ। রাত ১টা ৩৫ মিনিটে মাকে ভয়েস মেসেজ পাঠিয়ে বাসায় ফেরার কথা জানিয়েছিলেন। কিন্তু এরপর আর তাঁর খোঁজ পাওয়া যায়নি।
তাহসিফের বাবা কেএম এনায়েতুল করিম তাঁর মৃত্যুকে আত্মহত্যা বলে মানতে নারাজ। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানিয়েছেন।
তাহসিফের মৃত্যু কীভাবে হলো, পুলিশের ধাওয়ার দাবি কতটা সত্য এবং ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না—এসব প্রশ্নের উত্তর এখন তদন্তের অপেক্ষায়।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন