গাজীপুরের কালীগঞ্জে জাংগালীয়া জায়ান্টস ক্লাবের উদ্যোগে আয়োজিত দেড় লাখ টাকা প্রাইজমানির ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে নরসিংদীর মাধবদীর খিদিরপুর ফুটবল একাদশ ১-০ গোলে গাজীপুরের কালীগঞ্জের শিংলাব ইয়াংস্টার একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
জাংগালীয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়েরা আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেন। শেষ পর্যন্ত খিদিরপুর ফুটবল একাদশের জয়সূচক একমাত্র গোলে নির্ধারিত হয় ম্যাচের ফলাফল।
জাংগালীয়া জায়ান্টস ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর জেলা বিএনপির সদস্য হুমায়ুন কবির মাস্টার এবং গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্যসচিব ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আবুবকর ছিদ্দিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর জেলা বিএনপির সদস্যসচিব মো. খালেকুজ্জামান বাবলু।
এ সময় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজমানির চেক তুলে দেন।
টুর্নামেন্টটি সফলভাবে আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মোল্লা।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন