আপডেটঃ ০৩ নভেম্বর, ২০২৬
১২:২৩ পূর্বাহ্ণ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে পুলিশের ভ্যানে আগুন, শতাধিক যানবাহন ভাঙচুর, গ্রেপ্তার ৩০

আপডেটঃ ০৩ নভেম্বর, ২০২৬ | ১২:২৩ ০ শেয়ার
গাজীপুরে শ্রমিক বিক্ষোভে পুলিশের ভ্যানে আগুন, শতাধিক যানবাহন ভাঙচুর, গ্রেপ্তার ৩০

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটেছে। সোমবার সকাল থেকে কালিয়াকৈর, কোনাবাড়ী, চন্দ্রা, শফিপুর, ভোগড়া বাইপাস ও সালনাসহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালান। এ সময় মহানগরের নাওজোর এলাকায় পুলিশের একটি ভ্যানে আগুন দেওয়া হয়। পুলিশের দুটি গাড়িসহ শতাধিক যানবাহন ভাঙচুর করা হয়েছে। কালিয়াকৈর এলাকায় একটি কাভার্ডভ্যানেও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সহিংসতার ঘটনায় একাধিক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সোমবার সকাল ৮টা থেকে সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। একই সময়ে শফিপুর, চন্দ্রা, কোনাবাড়ী, গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস, মালিকের বাড়ি ও সালনাসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকরা বিক্ষোভে নামেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা বিভিন্ন স্থানে সড়কের ওপর ঝুট কাপড়, বাঁশ ও কাঠ জড়ো করে আগুন ধরিয়ে দেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রী, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষ।

বিক্ষোভ চলাকালে মহানগরের নাওজোর এলাকায় পুলিশের একটি ভ্যানে আগুন দেওয়া হয়। এ ছাড়া পুলিশের দুটি গাড়িসহ শতাধিক যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। কালিয়াকৈর এলাকায় একটি কাভার্ডভ্যানেও আগুন দেওয়া হয়। বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, শিল্প পুলিশ, জেলা পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। পাশাপাশি লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় বেলা সাড়ে ১২টার দিকে বিভিন্ন স্থানে যান চলাচল স্বাভাবিক হয়।

শিল্পাঞ্চল-২ (গাজীপুর) পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, সোমবার সকালেও কালিয়াকৈর উপজেলার শফিপুর, চন্দ্রা ও পল্লীবিদ্যুৎসহ গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস, কোনাবাড়ী ও সালনা এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। এ সময় তারা বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটান। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন সহিংস ঘটনার বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সোমবারের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়াচ্ছে বলে তিনি দাবি করেন। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে প্রকৃত তথ্যের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্যের ওপর নির্ভর করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে শ্রমিক ও নগরবাসীকে গুজবে কান না দিয়ে শান্ত থাকার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করার অনুরোধ জানান।

এদিকে সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। পাশাপাশি দায়িত্ব পালন করেন ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া জানান, জানমাল এবং সরকারি-বেসরকারি সম্পদ রক্ষায় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

উল্লেখ্য, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। শ্রমিকদের দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের মজুরি বৃদ্ধি করতে হবে। অন্যদিকে শিল্পকারখানার উৎপাদন ও পরিবহন কার্যক্রম স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টরা শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিরাজমান সমস্যার সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর