কিশোরগঞ্জ ও ঢাকার মধ্যে যাতায়াতকারী সাধারণ মানুষের ভ্রমণ সহজ ও আরামদায়ক করতে ২০১৩ সালের ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’। কিন্তু গৌরবময় পথচলার এক যুগের মাথায় এসে একশ্রেণীর অসাধু রেলকর্মী ও আউটসোর্সিং স্টাফদের সিন্ডিকেটের কারণে ট্রেনটি এখন চরম অব্যবস্থাপনার শিকার। এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে বাংলাদেশ রেলওয়ে, আর চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ টিকিটধারী যাত্রীরা।
অনুসন্ধানে বেরিয়ে আসে , ট্রেনটিতে টিকিটবিহীন যাত্রী বহনের এক বিশাল সিন্ডিকেট । এই অবৈধ যাত্রী বাণিজ্যের অন্যতম নিরাপদ আস্তানা হয়ে উঠেছে ট্রেনের ‘খাবার বগি’ (ক্যাটারিং কার)। যেখানে যাত্রীদের খাবার পরিবেশন ও বিশ্রামের কথা, সেখানে গাদাগাদি করে তোলা হচ্ছে বিনা টিকিটের অবৈধ যাত্রী।
অনুসন্ধানে আরও বেরিয়ে আসে, এই অনৈতিক বাণিজ্যের সাথে শুধু ক্যাটারিং সার্ভিসের কর্মীরাই নন, বরং ট্রেনের নির্দিষ্ট এটেনডেন্ট এবং পাওয়ার কারের দায়িত্বে থাকা কিছু অসাধু রেলকর্মীও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত।
হাতেনাতে ধরেও ঔদ্ধত্য, প্রভাবশালীদের নাম ভাঙানোর অপচেষ্টা
সম্প্রতি খাবার বগিতে অবৈধ যাত্রী পরিবহনের সময় হাতেনাতে ধরা পড়েন ক্যাটারিং সার্ভিসের স্টাফরা। অনিয়মের বিষয়ে প্রশ্ন করা হলে সদুত্তর না দিয়ে উল্টো প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দাপট দেখান সহকারী ম্যানেজার আশিক। সাংবাদিকদের সামনে চরম ঔদ্ধত্য প্রকাশ করে তিনি বলেন,
"আমার গাড়ি, আমি যাত্রী নেব নাকি খাবার রাখব—সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়!"
একজন ক্যাটারিং সহকারী কীভাবে ট্রেনের ভেতরে এমন একক আধিপত্য দাবি করেন এবং অদৃশ্য প্রভাবশালীদের ভয় দেখিয়ে পার পেয়ে যান, তা নিয়ে এখন খোদ রেলযাত্রী ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এই বিষয়ে কিশোরগঞ্জ এক্সপ্রেসের মূল ক্যাটারিং সার্ভিস ম্যানেজার আনোয়ার এবং তার সহকারী ম্যানেজার (পুত্র) আশিকের সাথে যোগাযোগ করা হয়। তাদের অপকর্ম এবং অবৈধভাবে যাত্রী পরিবহনের সমস্ত ভিডিও ও ডকুমেন্ট প্রদর্শন করা হলে ম্যানেজার আনোয়ার সুর পাল্টে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, "এসব দুই-একজন যাত্রী পরিবহন করলে সমস্যা হবে না।"
শুধু তাই নয়, সংবাদ প্রকাশ না করার জন্য চাপ প্রয়োগ করে আনোয়ার দাবি করেন, "এক প্রভাবশালী মহলের সাথে আমার ভালো পরিচয় আছে। আমি কথা বলছি, আপনারা নিউজ করবেন না, উনি বিষয়টি দেখবেন।"
এরপর নিজেদের পিঠ বাঁচাতে উপস্থিত সংবাদকর্মীদের সামনেই সেই কথিত প্রভাবশালী ব্যক্তি এবং স্থানীয় কয়েকজনকে ম্যানেজার আনোয়ার বারবার কল দিলেও কেউ তার কল রিসিভ করেননি। পরবর্তীতে অনুসন্ধানে জানা যায়, মূলত প্রভাবশালীদের নাম ভাঙিয়ে এবং ভুয়া পরিচয় দিয়ে কিশোরগঞ্জ থেকে দীর্ঘদিন ধরে বিনা টিকিটে যাত্রী পরিবহন করে আসছে এই চক্র। এই পুরো অবৈধ বাণিজ্য সিন্ডিকেটটি মাঠে থেকে নিয়ন্ত্রণ করছেন ক্যাটারিং সহকারী মেনেজার আশিক।
এসব অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়ে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার খলিলুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,
"এই ধরনের অনিয়ম রুখতে আমি নিজেই প্রায় সময় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তদারকি করি। কিন্তু ট্রেনের ভেতরের স্টাফদের এই সিন্ডিকেট ভাঙতে হলে সবার সহযোগিতা প্রয়োজন। আপনারা সাংবাদিকরা যেভাবে তথ্য ও প্রমাণ দিয়ে সহযোগিতা করছেন, তা প্রশংসনীয়। আমি এই গুরুতর অনিয়মের বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাব এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করব।"
রেলওয়ের রাষ্ট্রীয় সম্পদকে যারা ব্যক্তিগত বাণিজ্যের হাতিয়ার বানিয়েছে এবং প্রভাবশালী মহলের নাম ভাঙিয়ে সাধারণ মানুষকে জিম্মি করছে, অবিলম্বে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ও আইনি কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীরা।
আরও খবর
বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা প্রশাসক
শাখারিয়াতে বাস কাউন্টারে গণমাধ্যমকর্মীকে মারধরের অভিযোগ, পুলিশের সহায়তায় উদ্ধার সাংবাদিক
বরগুনায় পার্কিং করা বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
টেকনাফ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত
গুজব আতংক সৃষ্টি করে তাই সবাইকে সচেতন থাকতে হবে-ডিসি
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে মারতে উদ্যত, আনসারের হাতে আটক-১
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
খাবার বগি এখন বিনা টিকিটের যাত্রীদের আস্তানা: প্রশ্নের মুখে রেলওয়ে প্রশাসন

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন