নারায়ণগঞ্জ বন্দর থানার আমিন আবাসিক এলাকার স্কুলঘাট সংলগ্ন অনুমোদনহীন ‘ময়না ক্লিনিক’-এ ভুল চিকিৎসা ও চিকিৎসকদের চরম অবহেলার কারণে ২৪ অক্টোবর শনিবার সকালে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর নবজাতকের বাবা রয়েল তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে উক্ত হাসপাতালে ভর্তি করান। অভিযোগ রয়েছে, রোগীর শারীরিক অবস্থা বিবেচনা না করে নির্ধারিত সময়ের আগেই প্রসূতির ডেলিভারি করানো হয়। প্রসবের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই নবজাতকের শরীর নীল হতে শুরু করে।
নবজাতকের দাদী অভিযোগ করে বলেন, "বাচ্চার শরীর নীল হয়ে যাওয়ার পর আমরা বারবার চিৎকার করলেও কোনো ডাক্তারকে তাৎক্ষণিক পাওয়া যায়নি। কোনো ডিউটি ডাক্তার ছাড়াই কেবল হাসপাতালের আয়াকে দিয়ে বাচ্চার চিকিৎসা চালানো হচ্ছিল।" সঠিক সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা না পেয়েই শিশুটি মারা যায় বলে দাবি পরিবারের।
এদিকে চিকিৎসায় অবহেলার বিষয়টি কিছুটা স্বীকার করলেও মৃত্যুর দায় এড়াতে চেয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ বিষয়ে জানতে চাইলে ক্লিনিকের প্রতিনিধি কাউছার জানান, "আমরা বাচ্চা মারি নাই। তবে সামান্য অবহেলা থাকতে পারে।"
বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আলাউল কবির দিপু জানান সিভিল সার্জনের কল পেয়ে এসেছি তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে তদন্ত করা হয়ে। যতটুকু শুনলাম হাসপাতাল কর্তৃপক্ষের কিছুটা অবহেলা আছে।
অনুমোদনহীন ক্লিনিকটিতে এমন অব্যবস্থা ও ভুল চিকিৎসার বিষয়ে জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, "ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
উল্লেখ্য, স্থানীয়দের অভিযোগ— দীর্ঘদিন ধরে কোনো প্রকার বৈধ কাগজপত্র ও পর্যাপ্ত ডাক্তার-নার্স ছাড়াই অবৈধভাবে চিকিৎসা বাণিজ্য চালিয়ে আসছে তথাকথিত এই ‘ময়না ক্লিনিক’। এর আগেও এ ধরনের ঘটনার খবর পাওয়া গেছে। অবিলম্বে এই অবৈধ ক্লিনিকটি বন্ধ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন