গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলঢোপ এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিয়ন হুদা (৪০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ যুবককে উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
নিখোঁজ নিয়ন হুদা গাইবান্ধা শহরের পশ্চিম পাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্গাপূজার ছুটিতে ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন নিয়ন হুদা। বুধবার তিনি বল্লমঝাড় ইউনিয়নের কাজলঢোপ এলাকায় তাঁর বড় ভায়রা মাকসুদের বাড়িতে বেড়াতে যান।
বৃহস্পতিবার দুপুরে চারজন মিলে বাড়ির পাশের ঘাঘট নদীতে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে অন্য তিনজন নদী থেকে তীরে উঠে আসতে সক্ষম হলেও নিয়ন হুদা পানির স্রোতে তলিয়ে যান। পরে তাঁকে খুঁজে না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। উদ্ধারকাজে সহায়তার জন্য রংপুর থেকে ডুবুরি দল আনার উদ্যোগ নেওয়া হয়।
এ ঘটনায় নিখোঁজ যুবকের পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন