রাঙামাটির সাজেকের উজোবাজারে অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষের পর নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে প্রায় দুই ঘণ্টা গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, অবরোধকারীরা উজোবাজার এলাকায় অবস্থান নেওয়ায় পর্যটকেরা সেখান থেকে বের হতে পারছিলেন না। পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে অবরোধকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে সেনাবাহিনী ও পুলিশের কয়েকজন সদস্য আহত হন।
তিনি আরও জানান, একপর্যায়ে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়েন। জবাবে আইনশৃঙ্খলা বাহিনীও পাল্টা গুলি চালায়। এতে প্রায় দুই ঘণ্টা ধরে থেমে থেমে গোলাগুলি চলে।
পুলিশ সুপারের ভাষ্য অনুযায়ী, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং উজোবাজার আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সাজেকে আটকে পড়া সব পর্যটক নিরাপদে এলাকা ছেড়েছেন।
ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন