গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বোয়ালীদহ এলাকায় বাবার মৃত্যুর পর সম্পত্তির ভাগ নিয়ে ভাই-বোনের বিরোধকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাবার সম্পত্তিতে নিজের ন্যায্য অংশ বুঝে না পাওয়া পর্যন্ত দাফনে সম্মতি দেবেন না বলে জানিয়েছেন মেয়ে হালিমা বেগম। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
মৃত ব্যক্তির নাম নাজির উদ্দিন বেপারী। তাঁর ছেলে ইদ্রিস আলী ও মেয়ে হালিমা বেগম। হালিমা বেগমের অভিযোগ, বাবার অসুস্থতার সুযোগ নিয়ে তাঁর ভাই ইদ্রিস আলী বাবার সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছেন। ফলে বাবার সম্পত্তিতে নিজের প্রাপ্য অংশ থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, নাজির উদ্দিন বেপারীর মৃত্যুর পর তাঁর দাফনের প্রস্তুতি নেওয়া হয়। এ উপলক্ষে মাইকিং করে এলাকাবাসীকেও জানানো হয়। তবে দাফনের প্রস্তুতির মধ্যেই বাবার সম্পত্তির ভাগ নিয়ে আপত্তি তোলেন মেয়ে হালিমা বেগম। তাঁর দাবি, বাবার সম্পত্তিতে নিজের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। অন্যথায় তিনি দাফনে সম্মতি দেবেন না।
এ নিয়ে পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় ব্যক্তিবর্গের পাশাপাশি ৬ নম্বর ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উদ্যোগ নেন। এ সময় হালিমা বেগমকে এক লাখ ৫০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয় বলে জানা গেছে। তবে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি।
হালিমা বেগমের বক্তব্য, নির্দিষ্ট পরিমাণ অর্থ নয়, বরং বাবার সম্পত্তিতে নিজের ন্যায্য অধিকার বুঝে পেতে চান তিনি। সম্পত্তির প্রাপ্য অংশ নিশ্চিত না হওয়া পর্যন্ত দাফনে সম্মতি দেবেন না বলেও জানান তিনি।
এদিকে একদিকে বাবার মরদেহ, অন্যদিকে সম্পত্তির অধিকার নিয়ে মেয়ের অনড় অবস্থান সব মিলিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে আবেগঘন পরিস্থিতি। তবে সম্পত্তি কীভাবে ছেলের নামে হস্তান্তর করা হয়েছে, সে বিষয়ে ইদ্রিস আলীর বক্তব্য পাওয়া যায়নি। সম্পত্তিসংক্রান্ত দলিলপত্র যাচাই এবং উভয় পক্ষের বক্তব্য পাওয়া গেলে বিরোধের প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন