আর্জেন্টাইন তারকা আনহেল দি মারিয়ার জোড়া গোলে ইন্ডিপেন্ডিয়েন্টে রিভাদিয়াকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রোসারিও সেন্ট্রাল। এই বড় জয়ে আর্জেন্টিনার লিগা প্রফেশনালের ‘বি’ অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে দলটি। একই সঙ্গে শিরোপার লড়াইয়েও নিজেদের অবস্থান আরও শক্ত করেছে তারা।
রোববার রাতে নিজেদের মাঠ গিগান্তে দে আরোইয়িতো স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রোসারিও। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন বিশ্বকাপজয়ী তারকা দি মারিয়া।
প্রথমার্ধের শেষ দিকে গ্যাস্টন আভিলার ওপর ফাউল করে লাল কার্ড দেখেন ইন্ডিপেন্ডিয়েন্টে রিভাদিয়ার অ্যালেক্স আর্সে। ফলে বাকি ম্যাচে ১০ জন নিয়ে খেলতে হয় সফরকারীদের। সংখ্যায় পিছিয়ে পড়ার সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে স্বাগতিকরা।
ম্যাচের ৫৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন দি মারিয়া। এরপর জামিন্টন কামপাজ, এনজো কোপেত্তি ও মার্কো রুবেনের গোলে ব্যবধান আরও বাড়ায় রোসারিও সেন্ট্রাল। শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি।
১২ ম্যাচে ছয় জয়, চার ড্র ও দুই হারে রোসারিওর সংগ্রহ এখন ২২ পয়েন্ট। এই ফল পয়েন্ট তালিকায় দলটির অবস্থানকে আরও শক্তিশালী করেছে।
গত মৌসুমের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা এবং আগামী মৌসুমে কোপা লিবার্তাদোরেসে জায়গা করে নেওয়াই রোসারিওর অন্যতম লক্ষ্য। শিরোপার দৌড়ে এই জয় তাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
পরবর্তী ম্যাচে আতলেতিকো তুকুমানের মুখোমুখি হবে রোসারিও সেন্ট্রাল। অন্যদিকে, নিজেদের মাঠে তিগ্রের বিপক্ষে খেলবে ইন্ডিপেন্ডিয়েন্টে রিভাদিয়া।
নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন