ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও যেন নতুন করে জমে উঠেছে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর লড়াই। একের পর এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন ফুটবলের এই দুই মহাতারকা। তবে এবার এমন এক রেকর্ডের হাতছানি দিচ্ছে মেসিকে, যা ছোঁয়া রোনালদোর জন্যও কঠিন বলে মনে হচ্ছে। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ক্যারিয়ারে ১ হাজার ৪০০ গোল ও অ্যাসিস্টের মাইলফলক স্পর্শ করার দ্বারপ্রান্তে আর্জেন্টাইন মহাতারকা।ইন্টার মিয়ামির হয়ে সবশেষ ম্যাচে নিউ ইংল্যান্ড রেভলিউশনের বিপক্ষে একটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন মেসি। ৩৯ বছর বয়সেও তাঁর এমন দুর্দান্ত পারফরম্যান্স নতুন করে আলোচনায় এনেছে ফুটবল বিশ্বকে। বয়সের ভার যেন তাঁর গোল করা কিংবা সতীর্থদের দিয়ে গোল করানোর দক্ষতায় কোনো প্রভাব ফেলতে পারেনি।এই ম্যাচের পর মেসির ক্যারিয়ারে মোট গোল ও অ্যাসিস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৫। অর্থাৎ ঐতিহাসিক ১ হাজার ৪০০ গোল অবদানের মাইলফলক ছুঁতে তাঁর প্রয়োজন আর মাত্র ৩৫টি।
পরিসংখ্যান অনুযায়ী, মেসির ক্যারিয়ারে গোলের সংখ্যা এখন ৯৩৭। পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ৪২৮টি। সব মিলিয়ে তাঁর গোল অবদান ১ হাজার ৩৬৫।অন্যদিকে, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর মোট গোল অবদান ১ হাজার ২৪৬। তাঁর ক্যারিয়ার গোলের সংখ্যা ৯৮৫ এবং অ্যাসিস্ট ২৬১টি। সেই হিসাবে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে মেসির চেয়ে ১১৯টি অবদানে পিছিয়ে রয়েছেন পর্তুগিজ তারকা।রোনালদো সম্প্রতি আল নাসরের হয়ে আল খোলুদের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন। ক্যারিয়ারের মোট গোলসংখ্যায় এখনো এগিয়ে রয়েছেন তিনি। তবে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে বর্তমানে মেসিই সবার ওপরে।ফুটবল ক্যারিয়ারের শেষ অধ্যায়ে এসেও দুজনের এই রেকর্ড গড়ার প্রতিযোগিতা ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, কত দ্রুত ৩৫টি গোল অবদান পূর্ণ করে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ১ হাজার ৪০০-এর মাইলফলক স্পর্শ করেন মেসি।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন