ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগেই বড় দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড ক্রিকেট দল। ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন দলের দুই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান রাচিন রবীন্দ্র ও মার্ক চ্যাপম্যান। পাশাপাশি অভিজ্ঞ পেসার ম্যাট হেনরির খেলা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।
সোমবার নিউজিল্যান্ড ক্রিকেট নিশ্চিত করেছে, পুরোপুরি সুস্থ না হওয়ায় ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না রাচিন ও চ্যাপম্যান। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজেও দলের বাইরে ছিলেন এই দুই ক্রিকেটার।
ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে খেলার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান মার্ক চ্যাপম্যান। সাম্প্রতিক এমআরআই পরীক্ষায় দেখা গেছে, সুস্থ হতে তার আরও অন্তত দুই সপ্তাহ সময় প্রয়োজন। ফলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে তাকে পাচ্ছে না কিউইরা।
অন্যদিকে বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে ডান কাঁধের সংযোগস্থলে চোট পান রাচিন রবীন্দ্র। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলেও এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি এই অলরাউন্ডার। বিশেষ করে ফিল্ডিংয়ের সময় স্বাভাবিকভাবে নড়াচড়া করতে সমস্যা হচ্ছে তার।
চলতি মাসের শেষ দিকে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থাকায় রাচিনকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না নিউজিল্যান্ডের টিম ম্যানেজমেন্ট।
দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার। তার ভাষ্য, মার্ক ও রাচিন দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা সবারই জানা। তাই এই সিরিজে তাদের অনুপস্থিতি দলের জন্য হতাশাজনক।
রাচিনের শারীরিক অবস্থা সম্পর্কে ওয়াল্টার জানান, সীমিত ওভারের ক্রিকেটে স্বাভাবিকভাবে ফিল্ডিং করার মতো অবস্থায় এখনও পৌঁছাননি তিনি। সামনে টেস্ট সিরিজ থাকায় তার পুনর্বাসনের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
এদিকে দুই ব্যাটসম্যানের অনুপস্থিতিতে দলে কয়েকটি পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাত্র ৫০ বলে ৯৩ রানের দুর্দান্ত ইনিংস খেলা টিম সাইফার্টকে পুরো ওয়ানডে সিরিজের জন্য দলে রাখা হয়েছে। এর আগে তাকে শুধু শেষ দুই ম্যাচের জন্য বিবেচনায় রাখা হয়েছিল।
এ ছাড়া প্রথম তিন ওয়ানডের দলে ফিরেছেন হেনরি নিকোলস। সম্প্রতি ফোর্ড ট্রফিতে ওয়েলিংটনের বিপক্ষে ক্যান্টারবারির হয়ে ১১৯ রানের ইনিংস খেলেছেন তিনি। এটি ছিল তার লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি।
সিরিজের শেষ দুই ম্যাচের জন্য দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার ডিন ফক্সক্রফট। অন্যদিকে শুরু থেকেই দলের সঙ্গে থাকবেন পেসার ম্যাট ফিশার।
তবে নিউজিল্যান্ডের দুশ্চিন্তা বাড়াচ্ছেন অভিজ্ঞ পেসার ম্যাট হেনরিও। ডান ঊরুর মাংসপেশিতে চোটের কারণে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ তিন ম্যাচে খেলতে পারেননি তিনি। আসন্ন ওয়ানডে সিরিজে তার অংশগ্রহণও এখনও নিশ্চিত নয়।
আগামী বুধবার অকল্যান্ডে শুরু হবে ভারত ও নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজ শুরুর আগেই একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারের চোট কিউইদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন