ব্রাহ্মণবাড়িয়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার ডিলারদের তালিকা প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। এ নিয়ে জেলা প্রশাসকের কাছেও লিখিত অভিযোগ জমা পড়েছে।
অভিযোগ অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের নাসিরনগর উপজেলার তিনটি ইউনিয়নে সার ডিলারশিপ পেয়েছেন স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নানের ছেলে ও নিকটাত্মীয়রা।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, গোকর্ণ ইউনিয়নে সংসদ সদস্যের ছেলে আদনান সাদী ‘মেসার্স আলীয়াহ ট্রেডার্স’ নামে, নাসিরনগর সদর ইউনিয়নে তাঁর বোনজামাই আরক মিয়া ‘মেসার্স আয়ান ট্রেডার্স’ নামে এবং গোয়ালনগর ইউনিয়নে তাঁর ভাগ্নের স্ত্রী নুরুন্নাহার আক্তার স্বর্ণা ‘এস এস ট্রেডার্স’ নামে ডিলারশিপ পেয়েছেন।
এমপির ছেলে ও স্বজনদের ডিলারশিপ পাওয়ার বিষয়টি স্থানীয় প্রশাসনও নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে বক্তব্য জানতে মালয়েশিয়ায় থাকা সংসদ সদস্য এম এ হান্নানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার ১০১টি ইউনিয়ন ও পাঁচটি পৌরসভায় ১০৬টি সার ডিলারশিপের বিপরীতে আবেদন করেন ৮২৫ জন। যাচাই-বাছাই শেষে ২৯২ জনের আবেদন কেন্দ্রীয় সার ডিলার ব্যবস্থাপনা কমিটির কাছে সুপারিশ করে পাঠানো হয়। প্রতিটি ইউনিয়নের জন্য অগ্রাধিকার ভিত্তিতে তিনজনের নাম সুপারিশ করে জেলা সার ও বীজ মনিটরিং কমিটি।
এর আগে সেপ্টেম্বরে ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনগুলো উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করা হয়। এ সময় তালিকায় প্রথম অবস্থানে নাম রাখার জন্য মোটা অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগও ওঠে।
তবে অর্থ লেনদেনের অভিযোগ অস্বীকার করেছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোস্তফা এমরান। তিনি বলেন, উপজেলা থেকে পাঠানো নামগুলোই সুপারিশ করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দু-একটি ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হয়েছে। অর্থ লেনদেনের বিষয়ে তিনি জানেন না বলেও জানান। তবে উপজেলা পর্যায়ে তালিকা তৈরিতে হস্তক্ষেপ থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।
ডিলার তালিকা প্রকাশের পর জেলা প্রশাসকের কাছে কয়েকটি অভিযোগ জমা পড়েছে বলেও জানান এই কর্মকর্তা। এ বিষয়ে বক্তব্য জানতে জেলা প্রশাসক মো. আবু সাঈদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন