মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মরিচা মাদ্রাসায় আয়োজিত ওয়াজ মাহফিলে ব্যতিক্রমী এক নিলামের ঘটনা ঘটেছে। মাত্র চারটি কমলা নিলামে বিক্রি হয়েছে ৫০ হাজার টাকায়। ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতার উদ্দেশ্যে আয়োজিত এ নিলামে কমলাগুলো কিনে নেন যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল মালিক রুকন।
গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে মরিচা মাদ্রাসায় অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে বয়ান করেন মাহফিলের প্রধান অতিথি ও শেষ বক্তা শায়খুল হাদিস মুফতি মুশাহিদ আলী ক্বাসেমী। বয়ান শেষে মাদ্রাসার পক্ষ থেকে এক হালি কমলা প্রকাশ্যে নিলামে তোলা হয়।
নিলাম শুরু হয় ৫ হাজার টাকা থেকে। একপর্যায়ে অংশগ্রহণকারীদের মধ্যে দাম বাড়তে বাড়তে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ওঠে। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল মালিক রুকন ৫০ হাজার টাকা দিয়ে চারটি কমলা কিনে নেন। পুরো ওয়াজ ও নিলাম পর্ব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল।
মাহফিলে অংশ নেওয়া স্থানীয়রা জানান, দোয়ার আগে কমলাগুলো নিলামে তোলা হয়। নিলামে অংশগ্রহণকারীদের মূল উদ্দেশ্য ছিল মাদ্রাসার মতো ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করা। সাধারণ মানুষের সহযোগিতার ওপর নির্ভর করেই এসব প্রতিষ্ঠান পরিচালিত হয়।
কমলা কিনে নেওয়া আব্দুল মালিক রুকনের ছেলে আব্দুল আজিজ সালমান বলেন, তাঁর বাবা ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতার কথা চিন্তা করেই কমলাগুলো কিনেছেন। পাশাপাশি তিনি বছরে ৩৬ হাজার টাকা করে মাদ্রাসাটিকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। প্রতিষ্ঠানের উন্নয়নে তাঁর বাবা সবসময় পাশে থাকার চেষ্টা করেন বলেও জানান তিনি।
মরিচা মাদ্রাসার সভাপতি সোলেমান আহমেদ ও মুহতামিম হাফিজ মাওলানা ফখরুল ইসলাম শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, মাদ্রাসায় সহযোগিতার উদ্দেশ্যে বিগত কয়েক বছর ধরে ওয়াজ মাহফিলে বিভিন্ন ফল নিলামে তোলা হয়। এবার চারটি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। এছাড়া আধা কেজি খেজুরও ১৫ হাজার টাকায় নিলামে বিক্রি হয়েছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, ফলগুলো সাধারণ বাজারমূল্যের তুলনায় বেশি দামে বিক্রি হলেও এর মূল উদ্দেশ্য ছিল মাদ্রাসার উন্নয়ন ও পরিচালনায় সহযোগিতা করা। নিলামে ফল কিনে নেওয়া ব্যক্তিরা মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী হিসেবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন