জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সাত দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন। আগামী ১৩ নভেম্বর রাতে ঢাকা থেকে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হবেন তিনি। সফরে ব্রিটিশ পার্লামেন্ট, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
বুধবার এক সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত তুলে ধরেন সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক। সফরে নাহিদ ইসলামের সঙ্গে থাকবেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ। এনসিপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক হিসেবে এটিই নাহিদ ইসলামের প্রথম যুক্তরাজ্য সফর।সফরসূচি অনুযায়ী, ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক করবেন নাহিদ ইসলাম। পাশাপাশি ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।এসব বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার সুরক্ষা এবং টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে।
এ ছাড়া কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন এনসিপি আহ্বায়ক। সেখানে জুলাই গণ-অভ্যুত্থানের অভিজ্ঞতা, ঘটনাপ্রবাহ এবং ২০২৪ সালের জুলাইয়ের পর বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তৈরি হওয়া নতুন বাস্তবতা তুলে ধরবেন তিনি।সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক এহতেশাম হক জানান, বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনায় জুলাই গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নির্বিচার দলীয়করণের প্রভাবের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।এদিকে সফরে যুক্তরাজ্যের ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সঙ্গে যোগাযোগ ও মতবিনিময়কে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কমিউনিটির সদস্যদের অভিজ্ঞতা, অবদান ও প্রত্যাশার কথা শুনবেন নাহিদ ইসলাম।
এ উপলক্ষে আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে সাত দিনের এই সফরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক উত্তরণ, মানবাধিকার এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়গুলো আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হতে পারে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন