ডিসেম্বরেই বাংলাদেশে ফিরবেন এমন ঘোষণা একাধিকবার দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেত্রী নিজের সিদ্ধান্তে অটল থাকার কথাও জানিয়েছেন। তবে তাঁর এই ঘোষণাকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও সংশয়।প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি, মৃত্যুদণ্ডের রায় এবং নিরাপত্তাঝুঁকি সবকিছু উপেক্ষা করে শেখ হাসিনা সত্যিই দেশে ফিরবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার পথে সবচেয়ে বড় বাধা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটি প্রকাশ্যে সাংগঠনিক শক্তি প্রদর্শন করতে পারছে না। বিচ্ছিন্ন ঝটিকা মিছিলের মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করলেও রাজনীতির মাঠে দলটির অবস্থান দুর্বল।এ ছাড়া বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক শক্তি আওয়ামী লীগের বিরোধী অবস্থানে রয়েছে।
এর সঙ্গে রয়েছে গুরুতর আইনি জটিলতা।মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। পাশাপাশি হত্যা ও অন্যান্য অভিযোগে তাঁর বিরুদ্ধে শত শত মামলা রয়েছে। ফলে দেশে ফিরলে তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে বলে ধারণা করা হচ্ছে।শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তির আওতায় একাধিকবার আবেদন করেছে বাংলাদেশ। তবে এখন পর্যন্ত ভারত এ বিষয়ে সাড়া দেয়নি। চুক্তিতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগসহ কয়েকটি কারণে প্রত্যর্পণের আবেদন প্রত্যাখ্যানের সুযোগ রয়েছে। সাবেক কূটনীতিকদের কারও কারও ধারণা, ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে আগ্রহী নয়।এ ছাড়া বাংলাদেশ সরকারের কাছ থেকে পাসপোর্ট বা ট্রাভেল পাস নেওয়ার বিষয়টিও একটি বিকল্প হতে পারে। তবে এমন আবেদন করা হলে সরকার তা অনুমোদন করবে কি না, সেটিও অনিশ্চিত। সরকারের নীতিনির্ধারকেরা বিষয়টি আইনগত ও রাজনৈতিকভাবে পর্যালোচনার কথা বলছেন।
অন্যদিকে, আওয়ামী লীগ নেতাদের দাবি, দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার আগে শেখ হাসিনা তাঁর পরিবার ও ভারতের সঙ্গে আলোচনা করেছেন। দলের নেতাদের সঙ্গেও একাধিক বৈঠক করেছেন তিনি। তাঁর ঘনিষ্ঠদের কেউ কেউ মনে করেন, দেশে ফেরার প্রক্রিয়া এবং বিকল্প পরিকল্পনাও ঠিক করে রেখেছেন শেখ হাসিনা।আওয়ামী লীগের মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাতও জানিয়েছেন, ঝুঁকি থাকলেও ডিসেম্বরেই দেশে ফিরবেন শেখ হাসিনা।বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, সরকারের নীতিনির্ধারকদের অনেকে মনে করেন, আওয়ামী লীগ গোপন তৎপরতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। এমনকি উসকানিমূলক কর্মকাণ্ডেও জড়াতে পারে দলটি। এ কারণে সতর্ক অবস্থানে থাকার কথা বলছেন তাঁরা।সব মিলিয়ে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বাস্তবায়িত হবে কি না, তা নির্ভর করছে আইনি প্রক্রিয়া, বিএনপি সরকারের সিদ্ধান্ত এবং ভারতের অবস্থানের ওপর। ডিসেম্বর যত ঘনিয়ে আসছে, তাঁর প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক উত্তেজনা ও অনিশ্চয়তাও তত বাড়ছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন