২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে লালমনিরহাট জেলায় হতাশাজনক চিত্র দেখা গেছে। জেলায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৪৬ দশমিক ৭১ শতাংশ। জেলার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেননি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি বছর লালমনিরহাট জেলা থেকে মোট ৭ হাজার ৪৫৫ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৪৮২ জন। অকৃতকার্য হয়েছেন ৩ হাজার ৯৭৩ জন। জেলায় জিপিএ-৫ পেয়েছেন ১০২ জন শিক্ষার্থী।
পরিসংখ্যানে দেখা যায়, উত্তীর্ণদের মধ্যে ১ হাজার ৩৬৩ জন ছাত্র এবং ২ হাজার ১১৯ জন ছাত্রী। ছাত্রদের পাসের হার ৪০ দশমিক ৮৭ শতাংশ এবং ছাত্রীদের ৫১ দশমিক ৪৩ শতাংশ।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, জেলার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি। এসব প্রতিষ্ঠান থেকে মোট ১৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছেন।
উপজেলাভিত্তিক হিসাবে কালীগঞ্জে তিনটি, হাতীবান্ধায় দুটি এবং আদিতমারীতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য হওয়ার ঘটনা ঘটেছে। আদিতমারী উপজেলার গন্ধমরুয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেওয়া দুজন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেননি।
এদিকে জেলার সামগ্রিক পাসের হার ৫০ শতাংশের নিচে নেমে আসায় শিক্ষার মান, নিয়মিত পাঠদান, শিক্ষক সংকট এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তদারকি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের কার্যকর উদ্যোগ, প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বিশ্লেষণ এবং পিছিয়ে পড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ নজরদারি এখন সময়ের দাবি।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন