রক্ত দেওয়ার কথা শুনলেই একসময় ভয় পেতেন পান্থ মোহাম্মদ শহীদুল্লাহ। মোটা সুঁই শরীরে ঢোকানোর ভয়, রক্ত দেওয়ার পর দুর্বল হয়ে পড়ার আশঙ্কা; সবই ছিল তার মনে। কিন্তু, ২০১৯ সালের ২১ আগস্ট সেই ভয়কে পাশে সরিয়ে এগিয়ে এসেছিলেন নিজের অন্তঃসত্ত্বা বোনের জন্য। সেদিন প্রথমবারের মতো রক্ত দেন তিনি। এরপর থেকে রক্তদানের পথচলায় কেটে গেছে কয়েক বছর। এখন পর্যন্ত ১৮ বার রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) এই শিক্ষার্থী।
পান্থের রক্তদানের গল্পের শুরুটা ছিল পরিবারের একজনের প্রয়োজনে। বোনের সন্তান জন্মের সময় ঘনিয়ে এসেছিল, জরুরি প্রয়োজন ছিল রক্তের। অনেক খোঁজাখুঁজির পরও যখন রক্তদাতা পাওয়া যাচ্ছিল না, তখন নিজেই রক্ত দিতে এগিয়ে আসেন তিনি। ভয় থাকলেও বোনের প্রয়োজনের কাছে তা বড় হয়ে ওঠেনি। রক্ত দেওয়ার পর শরীরে দুর্বলতা অনুভব না করে বরং এক ধরনের স্বস্তি পেয়েছিলেন পান্থ। সেই অভিজ্ঞতাই তার ভয় কাটাতে সাহায্য করে।
এরপর পরিবারের অন্য সদস্যদের প্রয়োজনেও রক্ত দিয়েছেন তিনি। ২০২১ সালে চাচার কিডনি ডায়ালাইসিস ও খালার ওপেন হার্ট সার্জারির সময় রক্ত দেন পান্থ। খালার অস্ত্রোপচারের সময় মিরপুর থেকে সাইকেল চালিয়ে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে পৌঁছানোর স্মৃতিও তার কাছে বিশেষ। তীব্র গরম ও যানজট পেরিয়ে হাসপাতালে পৌঁছে নিজের রক্ত দিয়ে প্রিয়জনের পাশে দাঁড়াতে পেরেছিলেন তিনি। ক্লান্তির মধ্যেও তখন মনে কাজ করছিল এক ধরনের প্রশান্তি।
পরিবারের গণ্ডি পেরিয়ে ধীরে ধীরে অন্য মানুষের প্রয়োজনেও সাড়া দিতে শুরু করেন পান্থ। বর্তমানে তিনি বুটেক্সের টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে আসার পর সিনিয়রদের বাবা-মা, বন্ধুদের আত্মীয় কিংবা পরিচিত কারও জরুরি রক্তের প্রয়োজনের খবর পেলেই ছুটে যাওয়ার চেষ্টা করেন তিনি। এভাবেই রক্তদান তার জীবনের নিয়মিত মানবিক কর্মকাণ্ডের অংশ হয়ে ওঠে।
কখনো সাইকেলে, কখনো বাইকে রক্তের প্রয়োজনে ছুটেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) কিংবা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। ২৫ বছর বয়সি পান্থের কাছে রক্তদান এখন কেবল একটি অভ্যাস নয়, বরং বিপদে থাকা মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ।
১৮ বার রক্তদানের অভিজ্ঞতার মধ্যে কিছু মুহূর্ত তাকে বিশেষভাবে নাড়া দিয়েছে। ২০২৩ সালের ১৬ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ বছর বয়সী এক থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুর জন্য রক্ত দিতে গিয়েছিলেন তিনি। শিশুটির ক্লান্ত মুখ আর পাশে দাঁড়িয়ে থাকা বাবা-মায়ের অসহায় চোখ তাকে ভেতর থেকে নাড়া দেয়। রক্ত দেওয়ার পর শিশুটির মুখে ধীরে ধীরে স্বাভাবিক রং ফিরতে দেখেছিলেন পান্থ। তখন তার কাছে এক ব্যাগ রক্তের মূল্য যেন নতুন অর্থ পেয়েছিল।
রক্তের প্রয়োজনে ছুটে যাওয়ার পথে সব সময় পরিস্থিতি সহজ ছিল না। তীব্র যানজট, প্রচণ্ড গরম, দীর্ঘ পথ পাড়ি দিয়ে হাসপাতালে পৌঁছানো—এসব ছিল নিয়মিত অভিজ্ঞতা। হাসপাতালের করিডোরে রক্তের জন্য স্বজনদের হাহাকার দেখেছেন, রক্তের ব্যবস্থা করতে না পেরে তাদের কান্নাও শুনেছেন। এসব অভিজ্ঞতা তাকে থামিয়ে দেয়নি; বরং মানুষের প্রয়োজনে পাশে থাকার তাগিদ আরও বাড়িয়েছে।
পান্থের কাছে ১৮ বার রক্ত দেওয়া কোনো চূড়ান্ত অর্জন নয়। যত দিন রক্ত দেওয়ার উপযুক্ত থাকবেন, তত দিন এ কাজ চালিয়ে যেতে চান তিনি। নিজের অনুভূতি জানিয়ে পান্থ বলেন, “১৮ বার কোনো বড় অর্জন নয়, বরং এটি একটি চলমান মানবিক দায়িত্ব। সুঁইয়ের ভয় কয়েক সেকেন্ডের, কিন্তু সেই কয়েক সেকেন্ডের সাহসই কখনো একটি পরিবারকে ফিরিয়ে দিতে পারে স্বস্তি, ফিরিয়ে দিতে পারে প্রিয় মানুষটিকে। আর সেই অনুভূতিই আমাকে বারবার রক্ত দিতে ফিরিয়ে আনে। এই মানবিক দায়বদ্ধতা এবং নিঃস্বার্থভাবে কারও মুখে বেঁচে থাকার হাসি দেখার তৃপ্তি থেকেই আমি নিয়মিত রক্ত দিই।”

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন