২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দলীয় দায় স্বীকার করেছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তবে হত্যাকাণ্ডে নিজের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে বার্ধক্যের কারণ দেখিয়ে জামিন চেয়েছেন তিনি।
সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ জামিন আবেদনের শুনানিতে লতিফ সিদ্দিকী বলেন, ‘শাপলা চত্বরের ঘটনার সময় আমি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলাম। তৎকালীন দলের নেতা হিসেবে আমি আমার দায় স্বীকার করছি। তবে হত্যাকাণ্ডে আমি জড়িত ছিলাম না। বার্ধক্যের কারণে আমি জামিন চাইছি।’এ সময় আদালতে হাজির করার প্রক্রিয়া নিয়েও অভিযোগ তোলেন সাবেক এই মন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের হেলমেট পরিয়ে জোর করে এখানে আনা হচ্ছে। আমাদের নির্যাতন করা হচ্ছে।’ তবে তার এসব অভিযোগের বিষয়ে ট্রাইব্যুনাল কোনো আদেশ দেননি।
শাপলা চত্বরের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির করা হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে দুপুর ১২টা ৫৫ মিনিটে তাদের হাজির করা হয়। শুনানি শুরু হয় বেলা ২টায়।
আট আসামিকে পেছনে হাতকড়া, মাথায় হেলমেট ও শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে নেওয়া হয়।
এর আগে হাতকড়া ছাড়া আসামিদের হাজির করা নিয়ে সমালোচনার পর এবার এমন নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। তবে সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এবং সাংবাদিক ফারজানা রূপাকে এসব সরঞ্জাম ছাড়াই হাজির করা হয়।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও পুলিশের সাবেক উপমহাপরিদর্শক আবদুল জলিল মণ্ডল আদালতে নেওয়ার সময় কিছুটা বাধা দেন। অন্যদিকে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান মাথা নিচু করে নীরবে আদালতে প্রবেশ করেন।
হাজির করা অন্য আসামিরা হলেন হাসানুল হক ইনু, ডা. আবদুর রাজ্জাক, পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক এবং একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের পাশাপাশি নিয়মিত পুলিশ মোতায়েন করে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়।
আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার শুনানি আগামী ২৩ নভেম্বর পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল। এর আগে পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। পলাতক আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন। মামলায় মোট ৪১ জন আসামির মধ্যে ১১ জন কারাগারে এবং ৩০ জন পলাতক।
গত ১২ নভেম্বর প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন ও বিচারপ্রক্রিয়া শুরুর আবেদন করেন। মামলায় দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার বিষয়টি উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের কথা বলা হয়েছে। এর মধ্যে ২০১৩ সালের ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার অভিযোগ রয়েছে।
এদিকে মানবতাবিরোধী অপরাধের পৃথক আরেকটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকেও সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদেরও হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিয়ে আদালতে নেওয়া হয়।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন