ইবিতে তিন দিনব্যাপী ‘ওয়ার্ল্ড ফেজ উইক-২০২৬’ অনুষ্ঠিত

আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৬ | ১২:০৪ ০ শেয়ার
ইবিতে তিন দিনব্যাপী ‘ওয়ার্ল্ড ফেজ উইক-২০২৬’ অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দিনব্যাপী ‘ওয়ার্ল্ড ফেজ উইক-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ব্যাকটেরিওফাজ বায়োলজি অ্যান্ড জিনোমিক্স ল্যাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে চারটি সেগমেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বাবলী সাবিনা আজহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল। এ ছাড়া ল্যাবের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. সুধাংশু কুমার বিশ্বাস, সহ-পৃষ্ঠপোষক অধ্যাপক ড. হোসাইন মোহাম্মদ ফারুকী, অধ্যাপক ড. নিলুফা আক্তার, অধ্যাপক ড. আনোয়ারুল হক স্বপন ও অধ্যাপক ড. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ল্যাবের অ্যালামনাই সদস্য, সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীরাও অংশ নেন।

তিন দিনব্যাপী এ আয়োজনের প্রথম দিনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি ও বিশ্বের প্রথম মানব ব্যাকটেরিওফাজ মডেল তৈরি করা হয়। ওই দিনের র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। একই দিনে পোস্টার প্রেজেন্টেশন, ওরাল প্রেজেন্টেশন এবং ব্যাকটেরিওফাজ মডেল তৈরি ও উপস্থাপন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

তৃতীয় দিন বুধবার সমাপনী পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কুইজ, পোস্টার প্রেজেন্টেশন, ওরাল প্রেজেন্টেশন এবং ব্যাকটেরিওফাজ মডেল তৈরি ও উপস্থাপনসহ চারটি সেগমেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট অ্যালামনাই সদস্য ও সংগঠকদের সম্মাননা দেওয়া হয়। প্রতিটি সেগমেন্টের বিচারকমণ্ডলীর সদস্যদের মূল্যায়ন ও সহযোগিতার স্বীকৃতিস্বরূপ শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে ল্যাবের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. সুধাংশু কুমার বিশ্বাস বলেন, “অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ও নিয়ন্ত্রিত ব্যবহারের ফলে বিভিন্ন ব্যাকটেরিয়া প্রচলিত ওষুধের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে উঠছে। এসব অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া বা ‘সুপারবাগ’ বর্তমানে বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থার জন্য এক বড় চ্যালেঞ্জ। এ পরিস্থিতি মোকাবিলায় নির্দিষ্ট ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে লক্ষ্য করে ধ্বংস করতে সক্ষম ‘ব্যাকটেরিওফাজ’ ভবিষ্যৎ চিকিৎসাবিজ্ঞানে একটি সম্ভাবনাময় ও সুনির্দিষ্ট সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ব্যাকটেরিওফাজ বায়োলজি অ্যান্ড জিনোমিক্স ল্যাব অ্যান্টিবায়োটিকের যুগোপযোগী বিকল্প খুঁজতে আধুনিক গবেষণা চালিয়ে যাচ্ছে।”

ব্যাকটেরিওফাজ হলো এক ধরনের ভাইরাস, যা ব্যাকটেরিয়াকে সংক্রমিত করে। অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ফেজ থেরাপির সম্ভাবনা এবং জীববিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে এর গবেষণামূলক গুরুত্ব ক্রমেই বাড়ছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ব্যাকটেরিওফাজ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, বৈজ্ঞানিক জ্ঞানচর্চা এবং গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ‘ফ্রম এএমআর চ্যালেঞ্জেস টু প্রিসিশন অ্যান্টিমাইক্রোবিয়াল সলিউশনস’ প্রতিপাদ্যকে সামনে রেখে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়ার ক্রমবর্ধমান ঝুঁকির মুখে বিকল্প ও সুনির্দিষ্ট চিকিৎসাপদ্ধতি হিসেবে ব্যাকটেরিওফাজ বা ফেজ থেরাপির সম্ভাবনা তুলে ধরতে ‘ওয়ার্ল্ড ফেজ উইক-২০২৬’ পালন করা হয়।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর