‘তারুণ্যে দীপ্তপ্রাণ- ঐক্যবদ্ধ জবিয়ান’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দিবস-২০২৬ উদযাপন করা হবে। দিবসটির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
এ উপলক্ষে দিবসটি সফল করতে সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।
গত সোমবার (২৬ অক্টোবর ২০২৬) উপাচার্যের সভাকক্ষে দিবস উদযাপন উপলক্ষে গঠিত কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য ও কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সভাপতিত্বে সভায় সার্বিক প্রস্তুতি, অনুষ্ঠানসূচি প্রণয়ন ও বিভিন্ন উপ-কমিটির কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপাচার্য বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস আমাদের প্রাণের উৎসব। এই উৎসবকে সফল ও সার্থক করে তুলতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সকলের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।"
তিনি আরও বলেন, অনুষ্ঠানগুলো সুশৃঙ্খল ও সার্থক করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোকে সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে।
সভায় বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানসূচি চূড়ান্তকরণ, স্পন্সর সংগ্রহ, সাংস্কৃতিক অনুষ্ঠান, মঞ্চসজ্জা, দোয়া মাহফিল, প্রচার ও মিডিয়া ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে আলোচনা হয়। এ সময় বিভিন্ন উপ-কমিটির আহ্বায়করা নিজ নিজ কমিটির কর্মপরিকল্পনা ও বাজেট উপস্থাপন করেন।
সভায় ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাঃ আলী নূর, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আজম খান এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় জকসুর সহসভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর সভাপতি বা আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক বা সদস্যসচিবরা উপস্থিত ছিলেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন