অভিনেত্রী পূজা চেরীর গায়েহলুদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ফেসবুক ও ইনস্টাগ্রামের একাধিক পেজে ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওটি নিয়ে আলোচনা-সমালোচনা—দুটিই চলছে সমানতালে।
ভিডিওটিতে দেখা যায়, গায়েহলুদের সাজে হলুদ শাড়ি পরে নাচছেন পূজা চেরী। চারদিক থেকে তাকে ঘিরে রয়েছেন অনেকে, পেছনে সাজানো বিয়েবাড়ির দৃশ্য। নাচে-গানে ভরপুর এই ভিডিওতে অভিনেত্রীর লুক ভক্ত-অনুরাগীদের প্রশংসা কুড়িয়েছে। মন্তব্যের ঘরে প্রশংসাবাক্যে ভাসাচ্ছেন তারা।
তবে ভিডিওটি কীভাবে প্রকাশ্যে এলো—তা নিয়েই উঠেছে প্রশ্ন। জানা গেছে, পাবনার ভাঙ্গুড়ায় ‘দম’ সিনেমার শুটিং চলাকালে সেট থেকেই ভিডিওটি গোপনে ধারণ করা হয় এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। শুটিং চলাকালে সেখানে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো, সেখান থেকেই কেউ ভিডিওটি ফাঁস করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভিডিও ফাঁসের ঘটনায় শুটিং সেটের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। যদিও নির্মাতা পক্ষ বা অভিনেত্রীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে ভিডিওটি ঘিরে দর্শকের আগ্রহ যে তুঙ্গে—তা স্পষ্ট। কারণ ‘দম’ সিনেমাটি নিয়ে প্রত্যাশার পারদ এমনিতেই উঁচু। এই ছবিতে প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে দুই শক্তিশালী অভিনেতা—নিশো ও চঞ্চল চৌধুরীকে। পাশাপাশি প্রথমবার জুটি হয়ে অভিনয় করছেন নিশো ও পূজা চেরী।
আরও একটি চমক হলো—প্রায় ১০ বছর পর এই ছবির মাধ্যমে সিনেমায় ফিরছেন ডলি জহুর। টানটান উত্তেজনা, অ্যাকশন আর বড় বাজেটের এই সিনেমাটি মুক্তির পর ভালো সাড়া ফেলবে বলেই আশা করছেন সিনেমাপ্রেমীরা।
মন্তব্য করুন