সদ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে ‘ট্রাক’ প্রতীকে ভোটে অংশ নেন মডেল ও রাজনীতিক মেঘনা আলম। ৬০৮ ভোটে তিনি হেরে যান এবং জামানতও হারান। তবে এই পরাজয় তার রাজনৈতিক যাত্রাকে থামায়নি। মেঘনা একটি বিবৃতিতে জানিয়েছেন, আগামী ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়বেন।
মেঘনা বলেন, “এটি শেষ নয়, দীর্ঘমেয়াদি যাত্রার শুরু। ১১ বছর আন্তর্জাতিক পর্যায়ে রাজনৈতিক প্রশিক্ষক হিসেবে কাজ করেছি। জাতীয় রাজনীতিতে আমার অভিষেক হয়েছে ত্রয়োদশ নির্বাচনের মাধ্যমে। এবার মেয়র নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছি।”
তিনি জানান, তার প্রচারণা ছিল সীমিত বাজেটের এবং সরল। কোনো বিলবোর্ড, বড় ক্যাম্প বা ব্যয়বহুল প্রচারণা ছিল না। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত প্রচারণাও করেননি। মাত্র তিন দিন এলাকায় হেঁটে মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন। মেঘনা বলেন, “এই ৬০৮ ভোট এসেছে সততা ও মানুষের সঙ্গে সরাসরি সংযোগ থেকে। অন্যরা মাসের পর মাস প্রচারণা চালিয়েও যে স্বীকৃতি পান না, আমি তা পেয়েছি সীমিত সময় ও শূন্য খরচে। সময় ও অর্থ পেলে ৬০৮ ভোট হয়তো ৬০ হাজারেও পৌঁছাত।”
তিনি আরও জানান, তার দল গণঅধিকার পরিষদ বিএনপির সঙ্গে সমন্বয়ে নির্বাচনে অংশ নিলেও নিজেকে নিরপেক্ষ রাখতে বিএনপির পোলিং এজেন্ট সহায়তা গ্রহণ করেননি।
মন্তব্য করুন