মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি। লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতির প্রেক্ষাপটে ইরান ঘোষণা দিয়েছে, এই প্রণালি এখন সম্পূর্ণভাবে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত।
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধবিরতির সময়কাল চলাকালীন হরমুজ প্রণালির মাধ্যমে সব ধরনের বাণিজ্যিক জাহাজ নিরাপদে অতিক্রম করতে পারবে। এই সিদ্ধান্তকে বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য প্রবাহের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, লেবাননের যুদ্ধবিরতির মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর থাকবে এবং বাণিজ্যিক পরিবহনে কোনো বাধা থাকবে না।
তবে একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা পুরো পরিস্থিতিকে জটিল করে তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি এখন ব্যবসার জন্য খোলা থাকলেও ইরানের সঙ্গে চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকবে।
তিনি আরও বলেন, আলোচনার বেশিরভাগ বিষয়েই ইতোমধ্যে অগ্রগতি হয়েছে এবং চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে খুব বেশি সময় লাগবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
ট্রাম্পের ভাষায়, “সমঝোতার প্রক্রিয়াটি খুব দ্রুত শেষ হওয়া উচিত।”
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের একটি বড় অংশের তেল ও জ্বালানি পরিবহন হয়ে থাকে। ফলে এই অঞ্চলে যে কোনো সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলে।
এর আগে লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর করার ঘোষণা আসে, যা আঞ্চলিক উত্তেজনা কিছুটা কমানোর একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। ওই যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেই হরমুজ প্রণালি নিয়ে নতুন এই কূটনৈতিক সমঝোতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত চুক্তি এখনো সম্পূর্ণ না হওয়ায় পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হয়নি বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।
মন্তব্য করুন