গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে পুলিশ ২৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে আটক ও নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে দুই মাদকসেবীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
থানা সূত্রে জানা যায়, বুধবার (১৫ এপ্রিল) রাতে কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মুহাম্মদ জামাল উদ্দীনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নাগরী ইউনিয়নে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মধ্য পানজোড়া গ্রামের আঃ জলিলের পুত্র মিলন মিয়া (৪৮) ও ধনুন গ্রামের মৃত সরত আলীর পুত্র শাহ আলম (৪০) কে ২১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এবং সেনপাড়া গ্রামের মৃত আহাম্মদ আলীর কন্যা আকলিমা বেগম (৩৭) কে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। একই টিম বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সেনপাড়া গ্রামে অভিযান চালিয়ে মোসেনের দোকানের সামনে থেকে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাদিরাবাদ গৌরিপুর গ্রামের ইব্রাহিম সিকদারের পুত্র ও সেনপাড়ার রেখার বাড়ির ভাড়াটিয়া নাহিদ হাসান আদনান (২৯) কে ১০পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
এছাড়াও বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে বক্তারপুর ইউনিয়নের বেরুয়া গ্রামের রুহুল আমিনের পুত্র মোঃ ইমাম (২০) এবং মৃত মোতালেবের পুত্র মোঃ মোমিন (২০) কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ও ৩৬ (৫) ধারায় পৃথক পাঁচটি মামলা দায়ের করা হয়েছে (নং ২৭, ২৮, ২৯, ৮১ ও ৮২, তারিখঃ ১৬/৪/২৬)।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা ও সেবন করে আসছিল। আটককৃত চারজনকে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর আদালতে এবং অপর দুইজনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন