গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল প্রায় ৭টার দিকে উপজেলার সফিপুর আনসার একাডেমি সংলগ্ন মহাসড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় পথচারীরা। পরে তারা পুলিশকে খবর দিলে হাইওয়ে পুলিশ ও কালিয়াকৈর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সী ওই যুবকের মরদেহ মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।
পরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। তিনি শফিকুল ইসলাম বুলবুল (৩৮), বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম গ্রামের নবাব আলীর ছেলে। তিনি কালিয়াকৈরের সফিপুর আনসার একাডেমির ৩ নম্বর গেইট এলাকার একতা টাওয়ারে নিজ ফ্ল্যাটে বসবাস করতেন।
জানা যায়, তিনি সফিপুর এলাকার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালে প্রোডাকশন অ্যাটেনডেন্ট হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত ঘটনার রহস্য উদঘাটন করা হউক।
মন্তব্য করুন