ঢালিউড অভিনেত্রী ও রাজনৈতিকভাবে সক্রিয় নেত্রী রূপাঞ্জনা মিত্র ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ ফেসবুক পোস্টে তিনি বিজেপিকে ‘ইংরেজের দালাল’ ও ‘ফ্যাসিস্ট’ বলে আখ্যা দেন, যা নিয়ে ওপার বাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
পোস্টে রূপাঞ্জনা লেখেন, গুজরাট গণহত্যার কথা কেউ ভুলে যায়নি। ধর্মের নামে তথাকথিত ‘কল্যাটারাল ড্যামেজ’-এর মাধ্যমে রক্তমাখা মুখ নিয়েই বিজেপি আজ দিল্লির ক্ষমতার শীর্ষে বসে আছে বলে তিনি মন্তব্য করেন। তার ভাষায়, এই রাজনীতি মানবতা ও নৈতিকতার পরিপন্থী।
বাংলার মানুষের মূল্যবোধ তুলে ধরে অভিনেত্রী লেখেন, বাংলা সবসময় মানবিকতা, দায়িত্বশীলতা এবং ধর্ম-বর্ণ-ভাষা নির্বিশেষে সহাবস্থানের সংস্কৃতিতে বিশ্বাসী। প্রতিটি ধর্মীয় উৎসব এখানে সম্মান ও মর্যাদার সঙ্গে পালিত হয়। বিজেপির রাজনীতিকে তিনি ‘দুর্বল চিত্তের বিভাজনমূলক রাজনীতি’ বলে কটাক্ষ করেন এবং বলেন, এমন শক্তির সঙ্গে সম্পর্ক ছিন্ন করাই সঠিক সিদ্ধান্ত ছিল।
ব্রিটিশ আমলের বিভাজন নীতির সঙ্গে তুলনা টেনে রূপাঞ্জনা আরও লেখেন, বিজেপি শুধু ভয় ও ত্রাস ছড়াতে জানে, যাতে বিভাজনের রাজনীতি আরও শক্ত হয়। এই মানসিকতাকে তিনি ‘স্যাডিস্ট ও ফ্যাসিস্ট’ বলেও উল্লেখ করেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, রূপাঞ্জনা মিত্র একসময় বিজেপির সঙ্গেই যুক্ত ছিলেন। সম্প্রতি তিনি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ, তৃণমূলের নির্বাচনী কৌশল ও প্রার্থী তালিকা হাতিয়ে নিতেই বিজেপির পক্ষ থেকে অভিযান চালানো হয়েছিল। এর প্রতিবাদে গত ৯ জানুয়ারি যাদবপুর থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিল হয়, যেখানে টালিউডের একাধিক তারকা অংশ নেন। সেই ঘটনার ধারাবাহিকতায়ই বিজেপির বিরুদ্ধে রূপাঞ্জনা মিত্রের এই আক্রমণাত্মক অবস্থান বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
মন্তব্য করুন