কানাডার ওটায়া শহরে একটি অনুষ্ঠানে নেচে মঞ্চ মাতালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। রোববার দুপুরে সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, সাদা রঙের গ্ল্যামারাস ফ্রিল ড্রেস ও সাদা বুট পরে ফারিয়া স্টেজে ঝড় তুলেছেন।
ধারণা করা হচ্ছে, এই পারফরম্যান্স অনুষ্ঠিত হয়েছে ওটায়ার প্রেস্টন ইভেন্ট সেন্টারে। ভিডিওটি মুহূর্তেই তার ভক্ত ও নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়ে যায়। ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদের সঙ্গে তাল মিলিয়ে ফারিয়ার স্টাইলিশ মুভগুলো তার নাচের দক্ষতাকে আরও ফুটিয়ে তোলে।
ভক্তরা ফারিয়ার নাচের ভঙ্গি ও অভিব্যক্তিতে মুগ্ধ হয়েছেন। এক ভক্ত মন্তব্য করেছেন, “অসাধারণ নেচেছেন আপু।” বছরের শেষের এই সময়টা কানাডায় অবস্থান করছেন ফারিয়া। কখনো টরোন্টো আবার কখনো ওটায়ার পথঘাটে ঘুরে বেড়ানোর ছবি শেয়ার করেছেন তিনি। এর আগে ওটায়া থেকে শেয়ার করা তার একটি অফ-শোল্ডার কালো গাউন পরা ছবি ভক্তদের মধ্যে সাড়া ফেলে। নেটিজেনরা তাকে সেখানে ‘ক্লিওপেট্রা’র সঙ্গে তুলনা করেছেন।
কানাডা সফরে এই আনন্দঘন মুহূর্তে নুসরাত ফারিয়ার সফরসঙ্গী হিসেবে দেখা গেছে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খানকেও। বড়দিন এবং নতুন বছরের উৎসবের আমেজ তারা একসাথে উদযাপন করছেন।
মন্তব্য করুন