চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে নতুন করে গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে ভারতীয় গণমাধ্যমের বিরুদ্ধে। কলকাতার একাধিক অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়—বাংলাদেশের জনপ্রিয় এই নায়িকা আবারও মা হতে যাচ্ছেন। তবে এসব খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন বুবলী নিজেই।
প্রতিবেদনগুলোতে বলা হয়, শাকিব খানের সঙ্গে ভ্রমণের সূত্র ধরেই এই গুঞ্জনের জন্ম। প্রায় তিন মাস আগে বুবলী তার ছেলে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে ছুটি কাটান। একই সময় সেখানে অবস্থান করছিলেন শাকিব খানও। কিছু প্রতিবেদনে দাবি করা হয়, ওই সময়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ মুহূর্ত কেটেছে।
এরই মধ্যে সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে নাচ পরিবেশন করেন বুবলী। পরনে ছিল ঘাগরা। অনুষ্ঠানস্থলে দর্শকদের সঙ্গে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। সেই ছবিগুলো দেখেই কিছু নেটিজেন দাবি করেন, বুবলী নাকি অন্তঃসত্ত্বা।
তবে এসব আলোচনায় বিরক্তি প্রকাশ করে বুবলী স্পষ্ট করে জানান, তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর সম্পূর্ণ গুজব এবং এর কোনো সত্যতা নেই।
উল্লেখ্য, প্রথমবার মা হওয়ার আগেও বুবলীর অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। সে সময় তিনি স্বামী বা সন্তানের বাবার পরিচয় প্রকাশ করেননি। পরে সন্তানসহ মিডিয়ার সামনে এসে জানান, শাকিব খানই তার স্বামী। যদিও পরবর্তীতে শাকিব খান প্রকাশ্যে বুবলীকে স্ত্রী হিসেবে অস্বীকার করেন এবং তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তখন বুবলী বলেছিলেন, শাকিব তার সন্তানের বাবা—এই কারণেই তিনি তাকে অপমান করতে চান না।
এই অতীত প্রেক্ষাপটের কারণেই নতুন করে বুবলীর অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে গুঞ্জন ছড়িয়েছে বলে মনে করছেন অনেকে। শাকিব খানকে ঘিরে তার প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও দ্বিতীয় স্ত্রী বুবলীর সম্পর্কের টানাপোড়েনও দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে।
মন্তব্য করুন