ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীর ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান ট্রল ও গুজব নিয়ে অবশেষে মুখ খুলেছেন তিনি। লাগাতার ‘মা হওয়া’ সংক্রান্ত গুজব ছড়ানো এবং তা নিয়ে কটূক্তির শিকার হওয়ায় আইনি পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি রাজধানীর একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বুবলী বলেন, সামাজিক মাধ্যমে ছড়ানো অপপ্রচার ও বুলিং তাকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে। সহকর্মীদের অনেকেই আগেই তাকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে এতদিন বিষয়টি এড়িয়ে গেলেও এখন তিনি মনে করছেন, নীরব থাকলে গুজব আরও শক্তিশালী হয়ে উঠছে।
বুবলী বলেন, সামাজিক মাধ্যমে যেভাবে তাকে নিয়ে ট্রল করা হচ্ছে, তা আর স্বাভাবিক পর্যায়ে নেই। তিনি কখনোই এসব বিষয়ে আইনানুগ পথে যাননি। তবে এখন মনে হচ্ছে, এ ধরনের অপপ্রচার বন্ধ করতে আইনি ব্যবস্থা নেওয়াই জরুরি। নাহলে এ ধরনের গুজব কখনোই থামবে না।
তিনি আরও বলেন, দুঃখজনকভাবে ইদানীং নারীরাই নারীদের নিয়ে বেশি কটূক্তি করছেন। বিশেষ করে ধর্মীয় পোশাক পরেও কিছু মানুষ মিথ্যা গুজব ছড়িয়ে ভিডিও বানাচ্ছেন, যা খুবই দুঃখজনক। তার মতে, এ ধরনের আচরণ শুধু একজন ব্যক্তিকেই নয়, ধর্মীয় মূল্যবোধকেও আঘাত করে। তাই এসব বিষয়ে সাইবার ক্রাইম বিভাগের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন।
জানা গেছে, যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর থেকেই শবনম বুবলীকে ঘিরে মা হওয়ার গুজব ছড়াতে শুরু করে। একটি অনুষ্ঠানে তার নাচের ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একাংশ দাবি করেন, সেখানে নাকি তার বেবিবাম্প বোঝা গেছে। পরবর্তীতে ঢিলেঢালা পোশাকে বিভিন্ন আয়োজনে উপস্থিত হওয়ায় সেই জল্পনা আরও বাড়ে। এ বিষয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী এড়িয়ে যান, যার পর সামাজিক মাধ্যমে ট্রলের মাত্রা আরও বেড়ে যায়।
মন্তব্য করুন