অর্থ আত্মসাৎ, প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরী। সোমবার সকালে মুচলেকা গ্রহণের মাধ্যমে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকারের আদালত এই আদেশ দেন।
মামলার শুনানির জন্য গত ১৮ ডিসেম্বর আদালত ১২ জানুয়ারি দিন ধার্য করেছিলেন। পূর্বনির্ধারিত তারিখে মেহজাবীন চৌধুরী ও তার ভাই আদালতে হাজির হন। এসময় আদালত মামলার বাদীর নাম ধরে একাধিকবার ডাকলেও তিনি উপস্থিত ছিলেন না। পরে আসামিপক্ষের আইনজীবী শুনানি শুরু করলে বাদী আদালতে উপস্থিত হন। শুনানি শেষে ২৭ লাখ টাকা আত্মসাৎ ও হত্যার হুমকির অভিযোগ থেকে মেহজাবীন ও তার ভাইকে মুচলেকা নিয়ে অব্যাহতি দেওয়া হয়।
এর আগে গত ১৬ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিন পান মেহজাবীন চৌধুরী ও আলিসান চৌধুরী। মামলার নথি অনুযায়ী, বাদীর সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সূত্রে মেহজাবীনের নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার করার আশ্বাস দিয়ে নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময় মোট ২৭ লাখ টাকা গ্রহণের অভিযোগ আনা হয়।
নথিতে আরও উল্লেখ করা হয়, দীর্ঘ সময় ব্যবসা শুরু না হওয়ায় বাদী টাকা ফেরত চাইলে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করা হয়। অভিযোগ অনুযায়ী, গত ১১ ফেব্রুয়ারি টাকা চাইতে গেলে ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে ডাকা হয়। সেখানে মেহজাবীন, তার ভাই এবং অজ্ঞাতনামা কয়েকজন বাদীকে গালিগালাজ করেন এবং পুনরায় টাকা চাইলে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় আমিরুল ইসলাম বাদী হয়ে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন। শুনানি শেষে আদালত অভিযোগ থেকে মেহজাবীন চৌধুরী ও তার ভাইকে অব্যাহতি প্রদান করেন।
মন্তব্য করুন