গ্রিক গড অব বলিউড’ খ্যাত অভিনেতা হৃতিক রোশন শনিবার, ১০ জানুয়ারি, ৫২ বছরে পা রেখেছেন। দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে নিজেকে বলিউডের সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। তবে ক্যারিয়ারের শুরুতে হৃতিককে নিয়ে এমন ভবিষ্যৎ কল্পনাও করতে পারেননি খ্যাতিমান নির্মাতা রাম গোপাল ভার্মা—এমন মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে।
হৃতিক রোশনের জন্মদিনকে কেন্দ্র করে সম্প্রতি রাম গোপাল ভার্মার একটি পুরনো ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে এই নির্মাতা স্বীকার করেন, বলিউডে হৃতিকের সাফল্য নিয়ে তিনি নিজেও সন্দিহান ছিলেন। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক আলোচনায় রাম গোপাল ভার্মা বলেন, হৃতিককে প্রথম দেখার সময় তার মনে হয়নি যে তিনি ভবিষ্যতে বড় তারকা হয়ে উঠবেন। শুধু তিনি নন, তখন ইন্ডাস্ট্রির অনেকেই একইভাবে ভাবতেন।
রাম গোপাল ভার্মা আরও জানান, ২০০০ সালে ‘কাহো না পেয়ার হ্যায়’ মুক্তির আগে হৃতিক রোশনকে নিয়ে প্রযোজক ও নির্মাতাদের মধ্যে অনিশ্চয়তা ছিল। তারকা হওয়ার সম্ভাবনা নিয়ে সন্দেহ থাকায় অনেকেই তাকে চুক্তিবদ্ধ করতে আগ্রহী হননি। কিন্তু ছবিটি মুক্তির পর পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। বক্স অফিসে ব্লকবাস্টার সাফল্যের মাধ্যমে হৃতিক রাতারাতি জাতীয় সেনসেশনে পরিণত হন।
‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয়, দুর্দান্ত নাচ, পর্দায় সাবলীল উপস্থিতি ও ক্যারিশমা দর্শক-সমালোচকদের নজর কাড়ে। অনেকেই এই অভিষেককে হিন্দি সিনেমার ইতিহাসে অন্যতম প্রভাবশালী সূচনা হিসেবে বিবেচনা করেন। এরপর একের পর এক সফল সিনেমার মাধ্যমে হৃতিক নিজের অবস্থান আরও শক্ত করেন।
‘ধুম ২’, ‘ওয়ার’-এর মতো অ্যাকশন ছবি, সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ‘কৃষ’, ঐতিহাসিক ছবি ‘যোধা আকবর’ এবং ‘লক্ষ্য’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘গুজারিশ’-এর মতো অভিনয়নির্ভর ছবিতে তার বৈচিত্র্যময় অভিনয় তাকে বলিউডের শীর্ষ সারিতে নিয়ে আসে।
জন্মদিন উদযাপনের মধ্যেই জানা গেছে, হৃতিক রোশন সম্প্রতি একটি ওয়েব সিরিজের প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন, যার শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে। পাশাপাশি বহুল প্রতীক্ষিত ‘কৃষ ৪’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবেও অভিষেক করতে যাচ্ছেন এই তারকা। অন্যদিকে, রাম গোপাল ভার্মাও নতুন ছবি ‘পুলিশ স্টেশন মে ভূত’ দিয়ে হিন্দি সিনেমায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
মন্তব্য করুন