টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী আবারও আলোচনায়। অভিনয় দক্ষতা ও গ্ল্যামারের জাদুতে দীর্ঘদিন ধরে দর্শকপ্রিয় এই অভিনেত্রী এবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগী পোস্ট দিয়ে ভক্তদের কাছে ভালোবাসা চেয়েছেন। একই সঙ্গে দিয়েছেন নতুন সিনেমা মুক্তির সুখবর।
সম্প্রতি নিজের ফেসবুক হ্যান্ডেলে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেন মিমি চক্রবর্তী। কিছুটা বোল্ড লুকে প্রকাশিত এসব ছবির ক্যাপশনে তিনি জানান, চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। এটি চলতি বছরে তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি।
ক্যাপশনে উচ্ছ্বাস প্রকাশ করে মিমি লেখেন, “ভানুপ্রিয়া ভূতের হোটেল নিয়ে আসছি ২৩ জানুয়ারি। এই বছরের প্রথম ছবি আমার। আপনাদের ভালোবাসা চাই।” তার এই বার্তায় মুহূর্তেই সাড়া দেন ভক্তরা।
প্রকাশিত ছবিগুলোতে মিমিকে দেখা গেছে খোলা চুল, লম্বা ঝুমকো দুল ও কালো ওড়নায় মোড়ানো এক মায়াবী উপস্থিতিতে। বিশেষ করে তার চোখের অভিব্যক্তি নেটিজেনদের আলাদা করে নজর কাড়ে। ছবি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
অরিত্র মুখার্জির পরিচালনায় নির্মিত ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমায় মিমি চক্রবর্তীর সঙ্গে আরও অভিনয় করেছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য, উজান চ্যাটার্জি, পুতুল দাসসহ একাধিক শিল্পী। নতুন বছরে এই সিনেমা দিয়ে মিমির প্রত্যাবর্তন ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তুঙ্গে।
মন্তব্য করুন