ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদের জন্মদিন আজ। শুভেচ্ছায় ভেসে উঠেছেন তিনি—সহকর্মী থেকে শুরু করে অনুরাগীরা সবাই তাঁর জন্মদিনের আনন্দ ভাগাভাগি করছেন। তবে জন্মদিনের শুভেচ্ছার ভিড়ে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে অভিনেত্রী কেয়া পায়েলের একটি ফেসবুক পোস্ট।
ইরফান সাজ্জাদের সঙ্গে একটি ছবি পোস্ট করে কেয়া পায়েল লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার এক্স বয়ফ্রেন্ড।’
এই এক লাইনে শুরু হয়েছে কৌতূহল, জল্পনা আর হাস্যরসের ঝড়। পোস্টের মন্তব্য ঘরেও যোগ হয়েছে মজার রসদ। অভিনেতা খায়রুল বাসার লিখেছেন, ‘মেহরিন, তোমার এক্সকে শুভ জন্মদিনে উইশ করছ ভালো, কিন্তু এসব ছবি যেন আমার সামনে আর না আসে।’
অনেকে প্রশ্ন করেছেন—কেয়া পায়েলকে ‘মেহরিন’ বলে ডাকছেন কেন খায়রুল বাসার? আর ইরফান সাজ্জাদ কি সত্যিই কেয়ার প্রাক্তন প্রেমিক?
বস্তুত, পুরো ঘটনাটি নাটকীয় মজার প্রেক্ষাপট থেকে উদ্ভূত। সম্প্রতি প্রচারিত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’–এ একসঙ্গে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল ও খায়রুল বাসার। নাটকের গল্পে দেখা যায়, সামির (খায়রুল বাসার) হঠাৎ করেই মেহরিনকে (কেয়া পায়েল) বিয়ে করে। পরে জানা যায়, সামিরের বড় ভাই ফাহাদ (ইরফান সাজ্জাদ) একসময় মেহরিনের প্রেমিক ছিল। এই গল্পের রসায়ন থেকেই কেয়া পায়েলের ‘এক্স বয়ফ্রেন্ড’ মন্তব্য।
মজার রেশ আরও বাড়িয়ে ইরফান ও কেয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করেন খায়রুল বাসার, ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন, লোভী ঘরজামাই ফাহাদ ভাই (ইরফান সাজ্জাদ)। মেহরিন (কেয়া পায়েল), এমন ছবি যেন আমার সামনে আর না আসে।’
এই পোস্টেও চুপ থাকেননি ইরফান সাজ্জাদ, মজা করে মন্তব্য করেছেন, ‘তীব্র প্রতিবাদ জানাই।’
নাটকের পরিচালক মোস্তফা কামাল রাজ, এবং এতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা মিঠু, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, দীপা খন্দকারসহ অনেকে।
নাটকের পর্দার গল্প এবার বাস্তব জীবনেও অনুরাগীদের জন্য হাসি আর বিনোদনের এক রসাল মুহূর্ত উপহার দিয়েছে।
মন্তব্য করুন