আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেয়েও শেষ পর্যন্ত দলে জায়গা হয়নি বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের। স্থানীয় রাজনৈতিক চাপ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে—এমন অভিযোগ ঘিরে এবার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর।
গত রোববার, ৪ জানুয়ারি ছিল মিশা সওদাগরের জন্মদিন। এদিন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মুস্তাফিজ ইস্যুতে সরাসরি ভারতীয় ক্রিকেট বোর্ডের সমালোচনা করেন তিনি। মিশা সওদাগর বলেন, মুস্তাফিজ শুধু একজন ক্রিকেটার নন, তিনি বাংলাদেশের একটি প্রতীক। সংস্কৃতি ও খেলাধুলার মধ্যে যারা রাজনীতি ঢুকিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেছে, তাদের তিনি ধিক্কার জানান।
ক্রিকেটপ্রেমী এই অভিনেতা মুস্তাফিজের প্রশংসা করে বলেন, ‘মুস্তাফিজ একজন অসাধারণ ক্রিকেটার। মাশরাফি বিন মুর্তজার পর এত দীর্ঘ সময় ধরে এমন সমৃদ্ধ ক্যারিয়ার খুব কমই দেখা গেছে। তার ব্যক্তিত্বে কোনো অহংকার নেই, বরং আছে বিনয় ও নিষ্ঠা।’
রাজনীতি ও সংস্কৃতির সংঘাত নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে মিশা সওদাগর বলেন, খেলাধুলা ও শিল্প হওয়া উচিত সম্পূর্ণ উন্মুক্ত ও রাজনীতিমুক্ত। সেখানে উগ্রতা বা রাজনৈতিক সিদ্ধান্ত টেনে আনা অত্যন্ত কুরুচিপূর্ণ মানসিকতার পরিচয়।
তিনি আরও বলেন, মুস্তাফিজের মতো আন্তর্জাতিক মানের একজন খেলোয়াড়কে এভাবে আটকে দেওয়া শুধু বাংলাদেশের জন্য নয়, বরং পুরো বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্যই একটি নেতিবাচক বার্তা বহন করে। এই ঘটনা ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটে ভুল দৃষ্টান্ত তৈরি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে তীব্র আলোচনা ও প্রতিবাদ। অনেকেই মনে করছেন, এই সিদ্ধান্ত কেবল একজন খেলোয়াড় নয়, ক্রীড়ার স্বাধীনতার ওপরও আঘাত।
মন্তব্য করুন