ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ও আলোচিত জুটি আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল। গত বছরে একের পর এক দর্শকপ্রিয় নাটক দিয়ে তারা যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনি তাদের পর্দার রসায়ন ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা ও গুঞ্জন। সম্প্রতি এই দুই তারকা অংশ নেন রাফসান সাবাবের জনপ্রিয় অনুষ্ঠান ‘হোয়াট আ শো’-তে। সেখানে খোলামেলা আড্ডায় উঠে আসে তাদের কাজের অভিজ্ঞতা, ব্যক্তিগত ভাবনা এবং একে অপরকে নিয়ে মজার কিছু ঘটনা।
অনুষ্ঠানের একপর্যায়ে নাটকের শুটিং সেটের একটি ভিডিও দেখানো হয়। সেখানে দেখা যায়, অভিনেতা আরশ খান গাছে উঠে বসে আছেন এবং নিচে দাঁড়িয়ে আছেন সুনেরাহসহ অন্য কলাকুশলীরা। ভিডিওটি দেখে সঞ্চালকের প্রশ্নের জবাবে সুনেরাহ হাসতে হাসতে বলেন, এটি ছিল আরশের জন্য দেওয়া একটি ‘ছোটখাটো শাস্তি’। সুনেরাহ জানান, তিনি কাজের ক্ষেত্রে ভীষণ সময়নিষ্ঠ। তার মতে, সেটে নায়কদের আগেই উপস্থিত থাকা উচিত। সেই দিন আরশ খান পাঁচ মিনিট দেরি করে আসায়, মজার ছলেই তাকে গাছে উঠতে বলেছিলেন তিনি।
এ সময় আরশ খানও রসিকতা করে বলেন, তিনি নিজেকে নায়ক নয়, একজন অভিনেতা হিসেবেই ভাবতে ভালোবাসেন। তার এই মন্তব্যে স্টুডিওতে হাসির রোল পড়ে যায়।
আরশ খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে সুনেরাহর মন্তব্য ছিল বেশ ইতিবাচক। তিনি বলেন, শুরুতে আরশকে যতটা হালকাভাবে ভেবেছিলেন, বাস্তবে তাকে তার চেয়ে অনেক বেশি সিরিয়াস পেয়েছেন। সুনেরাহর ভাষায়, কাজ শুরুর আগে তিনি ভেবেছিলেন, ‘নাটকই তো করে’, কিন্তু সেটে গিয়ে দেখেছেন—আরশ নিয়মিত রিহার্সাল করেন, কাজের সময় ফোনে ব্যস্ত থাকেন না এবং পুরো বিষয়টি গুছিয়ে করেন।
সুনেরাহ আরও জানান, শুরুর দিকে আরশ বেশ ভদ্র ও চুপচাপ থাকলেও এখন কাজের প্রতি সিরিয়াস থাকলেও দুষ্টুমি অনেক বেড়েছে।
উল্লেখ্য, দেশের ছোট পর্দার জনপ্রিয় রোম্যান্টিক জুটি হিসেবে আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল বর্তমানে দর্শকদের পছন্দের শীর্ষে রয়েছেন। সম্প্রতি তাদের একটি অন্তরঙ্গ ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার সৃষ্টি হয়। তবে এ বিষয়ে সুনেরাহ আগেই জানিয়েছিলেন, ছবিটি হঠাৎই পোস্ট করা হয়েছিল এবং সবাই কেন অভিনন্দন জানাচ্ছেন—তা তিনি নিজেও ঠিক বুঝতে পারছেন না।
মন্তব্য করুন