ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা নতুন বছরে নিজের জীবনের উপলব্ধি ও সিদ্ধান্তের কথা প্রকাশ করেছেন। অভিনয়ের পাশাপাশি নাচে পারদর্শী এই অভিনেত্রী জানিয়েছেন, ২০২৫ সাল তাকে অনেক গভীরভাবে নিজেকে চিনতে শিখিয়েছে এবং সত্যিকারের আপনজন কারা, তা বুঝতে সাহায্য করেছে।
নতুন বছরকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে ভাবনা লেখেন, আলহামদুলিল্লাহ, আরেকটি নতুন বছর শুরু করছেন তিনি। তার ভাষায়, এই বছরে তাকে অনেক তাচ্ছিল্য, মিথ্যা অভিযোগ ও অপমানের মধ্য দিয়ে যেতে হয়েছে। একই সঙ্গে মিথ্যা সংবাদের বিস্তার তাকে ভীষণভাবে নাড়া দিয়েছে।
ভাবনা বলেন, দীর্ঘদিন ধরে অনেক সময় মানুষ মৃত গাছে পানি দেয়, কিন্তু সেই গাছ আর জীবিত হয় না। তেমনি মৃত সম্পর্কও টেনে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন—এবার নিজেকেই সবার আগে রাখবেন এবং আর কোনো মিথ্যার সঙ্গে যুক্ত থাকবেন না।
অভিনেত্রী আরও জানান, তিনি আর কারও ভনিতা বা স্বার্থে ব্যবহৃত হতে চান না। নিজের কষ্টের উপার্জন এমন কারও জন্য ব্যয় করবেন না, যে তাকে মূল্যায়ন করে না। তার কথায়, নিজের ক্যারিয়ারে তিনি একা পথ চলেই এই জায়গায় এসেছেন এবং নিজের কষ্ট কিংবা অসহায়ত্ব জনসমক্ষে তুলে ধরতে চান না।
নতুন বছরে তিনি ধৈর্য, চিন্তা ও আত্মসংযম দিয়ে জীবন শুরু করতে চান বলেও উল্লেখ করেন ভাবনা। তার বিশ্বাস, কারও অনুগ্রহ নয়—নিজের শক্তিতেই বাঁচতে চান তিনি। সত্যই তার শিল্পীজীবনের সবচেয়ে বড় শক্তি বলে মনে করেন এই অভিনেত্রী।
শেষে তিনি বলেন, তার দর্শকরাই তার সাহস ও শক্তি। সবার কাছে দোয়া চেয়ে নতুন বছরের শুভেচ্ছা জানান এবং কামনা করেন—২০২৬ হোক সত্য ও সুন্দরের সঙ্গে।
মন্তব্য করুন