দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাতৃভূমিতে ফিরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন তিনি। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজন করা হয় এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে লাখো মানুষের উপস্থিতিতে দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, রাব্বুল আলামিনের অশেষ রহমতে তিনি আজ প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছেন।
তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপিপন্থি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস-উদ্দীপনা দেখা যায়। একই সঙ্গে রাজনৈতিক অঙ্গন ছাড়িয়ে শোবিজ অঙ্গনের তারকারাও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান।
এই প্রতিক্রিয়ায় ব্যতিক্রম ছিলেন না আলোচিত চিত্রনায়িকা পরীমণি। বৃহস্পতিবার বিকেল ৫টা ৪২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আজ এ দেশের মানুষ চায়…—এই কথাটা যখন বললেন, একদম শিরদাঁড়ায় এসে বিঁধল। কী যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়ল চারদিকে! শান্তি নেমে আসুক সবার জীবনে, আর কিছু চাওয়ার নেই।’ তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।
এদিকে সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান তার বক্তব্যে দেশের বর্তমান বাস্তবতা, মানুষের প্রত্যাশা এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, দেশের মানুষ কথা বলার অধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। পাশাপাশি যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রত্যাশাও রয়েছে জনগণের।
তারেক রহমানের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। রাজনৈতিক সচেতন মহল থেকে শুরু করে সংস্কৃতি অঙ্গনের অনেকেই তার বক্তব্য ও প্রত্যাবর্তনকে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন।
মন্তব্য করুন