বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন মানেই আলোচনার কেন্দ্রে তারকারা। অভিনয়ের পাশাপাশি সংগঠনের নেতৃত্বে সক্রিয় ভূমিকার কারণে বরাবরই এই নির্বাচনে অংশ নেন সিনিয়র শিল্পীরা। সেই ধারাবাহিকতায় আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও খল চরিত্রে সুপরিচিত আহমেদ শরীফ।
সোমবার সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আহমেদ শরীফ জানান, তিনি সভাপতি পদে প্রার্থী হওয়ার কথা ভাবছেন। বর্তমানে কিছু ব্যক্তিগত কাজের জন্য তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন এবং অল্প কিছুদিনের মধ্যেই আবার সেখানে ফিরে যাবেন। তবে নির্বাচন সামনে রেখে সময়মতো দেশে ফেরার পরিকল্পনার কথাও জানান তিনি।
আহমেদ শরীফ বলেন, যারা শিল্পী সমিতির জন্য আন্তরিকভাবে কাজ করতে চান, এমন শিল্পীদের নিয়েই একটি শক্তিশালী প্যানেল গঠন করে নির্বাচনে অংশ নেওয়ার চিন্তাভাবনা রয়েছে। তবে সভাপতি পদে প্রার্থী হওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে সহকর্মী শিল্পীদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারবেন বলে আশা প্রকাশ করেন এই অভিনেতা।
উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন আহমেদ শরীফ। পরে তিনি তিনবার সাধারণ সম্পাদক এবং চারবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সংগঠনের নেতৃত্বে তার দীর্ঘ অভিজ্ঞতা আসন্ন নির্বাচনকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি করেছে।
মন্তব্য করুন