আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হচ্ছেন আলোচিত মডেল মেঘনা আলম। তার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তিনি এ তথ্য জানানোর পাশাপাশি এলাকার জন্য নানা উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন নাকি কোনো দলের হয়ে লড়বেন, তা এখনও নিশ্চিত নয়।
মেঘনা আলমের ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে, তিনি ঢাকা-৮ এলাকা নারীদের জন্য নিরাপদ করে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে এগিয়ে এসেছেন। তিনি বলেন, “দেশকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রয়োজন এমন নেতৃত্ব, যা চিন্তাভাবনা, শিক্ষা ও সামাজিক মেলামেশায় বৈশ্বিক প্রভাব রাখে। আমি সেই বাস্তব উদাহরণ হিসেবে কাজ করতে চাই।”
তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর সিসিটিভি ব্যবস্থা চালু করা হবে। এছাড়া এলাকায় একটি বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হবে, যাতে পথচারী ও সাইকেল ব্যবহারকারীরা নিরাপদে চলাচল করতে পারেন।
মেঘনা আলম আরও জানিয়েছেন, জনস্বার্থে স্বল্প ব্যয়ে পাবলিক ওয়াশরুম এবং কমিউনিটি লন্ড্রি সিস্টেম চালু করা হবে। এতে বস্তিবাসী, পার্কে হাঁটার সময় সাধারণ পথচারী ও শিশুসহ পরিবারের সকল সদস্য পরিচ্ছন্নতার সুযোগ পাবেন।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, যদি তিনি এমপি হন, তাহলে ঢাকা-৮ এলাকার মানুষের পুষ্টি, পরিচ্ছন্ন জীবনযাপন এবং সামাজিক ও আইনগত সচেতনতা বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
মন্তব্য করুন