ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি সামাজিকমাধ্যমে বেশ সরব। নিয়মিত নিজের কাজ, ব্যক্তিগত ছবি ও ভিডিও শেয়ার করার পাশাপাশি মাঝেমধ্যে মন্তব্যে আলোচনার ঝড় তোলেন তিনি। এবার মুখ খুলেছেন ‘কৃতঘ্ন’ মানুষদের নিয়ে।
পরীমনি অভিযোগ করেছেন, যাদের বিপদে তিনি পাশে দাঁড়ান, তারাই শেষ পর্যন্ত তাঁকে বিপদে ফেলে দিয়ে দূরে সরে যান। গেল শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। যদিও সেখানে কারও নাম উল্লেখ করেননি।
পোস্টে পরীমনি লেখেন, “মানুষের সমস্ত বিপদে শুধু আমার দরজাই সবার জন্য খোলা থাকে। ঠিক তারাই আমাকে বিপদে ফেলে দিয়ে ভেগে যায়।”
তবে এমন অভিজ্ঞতায় হতাশ নন বলে জানান এই অভিনেত্রী। তিনি আরও লেখেন, “আমি আর বদলাতে পারি নাই। না আমার মনুষ্যত্ব, আর না আমার বিবেক। তার জন্যই আল্লাহ আমাকে তোমাদের মতো মানুষকে সাহায্য করার মতো সমর্থ দিয়েছেন। আলহামদুলিল্লাহ।”
পরীমনির এই মন্তব্য ঘিরে সামাজিকমাধ্যমে ভক্তদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ তাঁর মানবিকতাকে সাধুবাদ জানাচ্ছেন, আবার কেউ কৌতূহল প্রকাশ করছেন—কার উদ্দেশে এমন মন্তব্য।
এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন পরীমনি। তাঁর অভিনীত সিনেমা ‘ডোডোর গল্প’ মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি ‘গোলাপ’ নামের আরও একটি সিনেমা শিগগিরই শুটিং ফ্লোরে যাওয়ার কথা রয়েছে, যেখানে তাঁর বিপরীতে অভিনয় করবেন নিরব হোসেন।
মন্তব্য করুন