যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ-অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত কোনো আলোচনা দলে পাকিস্তানে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান।
দেশটির আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত এই নৌ-অবরোধ বহাল থাকলে তেহরান কোনো ধরনের শান্তি আলোচনা বা সমঝোতায় অংশ নেবে না।
প্রতিবেদনে বলা হয়, ইরানি প্রতিনিধিদল বিষয়টি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। তাদের মতে, হরমুজ প্রণালী এবং ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের এই অবরোধ শান্তি আলোচনার পরিবেশকে বাধাগ্রস্ত করছে।
ইরানের পক্ষ থেকে এই অবরোধকে সরাসরি ‘আগ্রাসন’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি এই অবস্থান থেকে সরে না আসে, তাহলে আলোচনার টেবিলে বসার কোনো সুযোগ নেই।
এদিকে যুক্তরাষ্ট্র নতুন চুক্তির জন্য চাপ সৃষ্টি করলেও তেহরান তার অবস্থান থেকে একচুলও নড়েনি। ফলে পাকিস্তানের মধ্যস্থতায় সম্ভাব্য শান্তি আলোচনাও এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।
বিশ্লেষকদের মতে, এই অবস্থান দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কমানোর বদলে আরও দীর্ঘস্থায়ী করতে পারে।
আন্তর্জাতিক অঙ্গনে ধারণা করা হচ্ছে, নৌ-অবরোধ ইস্যুতে কোনো সমাধান না এলে ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক আরও জটিল হয়ে উঠবে এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাও নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
মন্তব্য করুন