জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান আবারও প্রমাণ করলেন, পর্দার বাইরে নিজস্ব স্টাইল ও রুচিতেও তিনি অনন্য। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সক্রিয় এই অভিনেত্রী এবার ধরা দিয়েছেন ঐতিহ্যবাহী জামদানি শাড়িতে।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেন রুনা খান। ছবিগুলোতে তাকে দেখা যায় স্নিগ্ধ সি-গ্রিন রঙের নকশা করা একটি জামদানি শাড়িতে। পরিমিত সাজে এই ক্লাসিক লুককে আরও উজ্জ্বল করে তুলেছে বড় আকৃতির কানপাশা ও কপালে ছোট্ট লাল টিপ।
অভিনেত্রীর শান্ত হাসি ও সাবলীল উপস্থিতি মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে। ছবির ক্যাপশনে তিনি যোগ করেন কবিতার একটি লাইন—‘দেখি নাই কভু দেখি নাই, এমন তরণী বাওয়া।’
রুনা খানের এই নতুন রূপ সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুতই ভাইরাল হয়ে যায়। মন্তব্যের ঘরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা প্রশংসায় ভাসান অভিনেত্রীকে। কেউ লিখেছেন, ‘শাড়িতেই আমাদের বাঙালি নারী সবচেয়ে সুন্দর,’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘অপূর্ব লাগছে, যেন এক স্নিগ্ধ প্রতিচ্ছবি।’
উল্লেখ্য, টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করা রুনা খান চলচ্চিত্র ‘হালদা’-তে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন। পাশাপাশি ‘বালুচর’ ও ‘ছিটকিনি’ সিনেমায় তার অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। ‘ছিটকিনি’ ছবির জন্য তিনি মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারও পান।
মন্তব্য করুন